লাহোর, পাকিস্তান ১১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মুম্বাই হামলার জন্য ভারতের অভিযুক্ত জঙ্গি দল লস্কর ই-তৈয়্যবার প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদের গৃহবন্দিত্বের মেয়াদ ৬০ দিন বাড়িয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ। সরকারের এক মুখপাত্র রোববার একথা জানিয়েছেন।
গত ডিসেম্বরের শুরুর দিকে জাতিসংঘ তালেবান ও আল-কায়েদা সংশিষ্ট জঙ্গি দল লস্কর-ই-তৈয়্যবা এবং এর দাতব্য সংগঠন জামাত-উদ-দাওয়াকে নিষিদ্ধ করার পর হাফিজ সাঈদকে গৃহবন্দি করা হয়।
সাঈদ ১৯৯০ সালে লস্কর-ই-তৈয়্যবা প্রতিষ্ঠা করেন। তিনি একইসঙ্গে জামাত-উদ-দাওয়া সংগঠনেরও প্রধান।
প্রতিষ্ঠার পর থেকেই লস্কর-ই-তৈয়্যবা বিতর্কিত কাশ্মিরে ভারতীয় বাহিনীর সঙ্গে লড়াই করে আসছে। ২০০২ সালে দলটি পাকিস্তানে নিষিদ্ধ হয়েছে।
পাঞ্জাবের প্রাদেশিক প্রদেশের সরকারি মুখপাত্র পারভেজ রশীদ বলেছেন, সাঈদ ও তার দাতব্য সংগঠনের অন্য ৫ সদস্যের গৃহবন্দিত্বের মেয়াদ ৬০ দিন বাড়ানো হয়েছে। এছাড়াও দলটির ৫৫ জন কর্মীর ওপর নজর রাখা হয়েছে।
রশীদ বলেন, "আদালতে তাদের বিরুদ্ধে উপস্থাপন করার মতো কিছু না থাকায় তাদের বন্দিত্বের মেয়াদ বাড়ানো হয়েছে। আমরা জাতিসংঘ প্রস্তাবনা অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। ৬০ দিন পর আবার তা পর্যালোচনা করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০৫ ঘ.
bdnews24