কাবুল, ১১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই ও সেনা কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন। আফগানিস্তানের পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তার বিষয়টি নিয়ে দু'জন আলোচনা করেন। নতুন ওবামা প্রশাসনে বৈদেশিক নীতির ক্ষেত্রে সবেচেয়ে অগ্রাধিকার পাবে আফগানিস্তান।
আফগানিস্তানের নিরাপত্তা এবং তালেবান বিরোধী লড়াইকেই সর্বচ্চো অগ্রাধিকার দেবে ওবামা প্রশাসন। আর তাই নতুন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রথম সিদ্ধান্তগুলোর অন্যতম হচ্ছে আফগানিস্তানে অতিরিক্ত ৩০ হাজার সেনা মোতায়েন করা। যাতে আফগানিস্তানে সেপ্টেম্বরের আগে তালেবান বিদ্রোহ কমানো যায়।
বাইডেন শনিবার কারজাইয়ের সঙ্গে বৈঠক করার পাশাপাশি জেনারেল ডেভিড ম্যাককিয়েরনানের সঙ্গেও বৈঠক করেন। ম্যাককিয়েরনান আফগানিস্তানের ৬৫,০০০ বিদেশি সেনার শক্তিশালী বাহিনীর কমান্ডার। তার সঙ্গে সীমান্ত নিরাপত্তা নিয়ে বাইডেনের আলোচনা হয়েছে।
আফগানিস্তানের মার্কিন বাহিনীর মুখপাত্র কর্নেল গ্রেগ জুলিয়েন জানান, আফগানিস্তানে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধনের প্রচুর সুযোগ এ বছর আছে বলে বাইডেনকে জানিয়েছেন ডেভিড ম্যাককিয়েরনান।
জুলিয়েন আরও জানান, ম্যাককিয়েরনান আফগানিস্তানে স্থলসেনাসহ হেলিকপ্টার ও সেনা-পুলিশের পাশাপাশি আফগানিস্তান পুনর্গঠনে অন্যান্য অনেক কিছুর প্রয়োজনীয়তার কথা বলেছন।
ম্যাককিয়েরনানের সঙ্গে বৈঠকের আগে বাইডেন আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি কাই ইদের সঙ্গে দেখা করেন। আলোচনা করেন, নিরাপত্তা, পুলিশ সংস্কার, দাতা সমন্বয় ও আঞ্চলিক সহযোগিতার বিষয় নিয়ে। এই বৈঠক খুবই ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন ইদে।
বিডিনিউজ টোয়েন্টিফোর/এলকিউ/১৬৩২ ঘ.
bdnews24