২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে কিডনি পেলেন সিঙ্গাপুরী ধনকুবের

সিঙ্গাপুরের এক ধনকুবেরকে কিডনি দান করে আরও বেশি দিন বেঁচে থাকার সুযোগ করে দিয়ে গেছেন খুনের অপরাধে ফাঁসি হওয়া এক ব্যক্তি। ধনকুবের তাং উই সাং অনেক চেষ্টা করেও কিডনি জোগাড় করতে পারছিলেন না। গত শুক্রবার ভোরে ওই অপরাধীর দণ্ড কার্যকর হওয়ার পর বিকালেই তার কিডনি ইউ সাংয়ের দেহে প্রতিস্থাপন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2009, 12:08 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

সিঙ্গাপুর, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিঙ্গাপুরের এক ধনকুবেরকে কিডনি দান করে আরও বেশি দিন বেঁচে থাকার সুযোগ করে দিয়ে গেছেন খুনের অপরাধে ফাঁসি হওয়া এক ব্যক্তি। ধনকুবের তাং উই সাং অনেক চেষ্টা করেও কিডনি জোগাড় করতে পারছিলেন না। গত শুক্রবার ভোরে ওই অপরাধীর দণ্ড কার্যকর হওয়ার পর বিকালেই তার কিডনি ইউ সাংয়ের দেহে প্রতিস্থাপন করা হয়। সিঙ্গাপুরের আইনে অঙ্গ কেনাবেচা নিষিদ্ধ হওয়ায় উই সাং গত বছর এক ইন্দোনেশীয়র কাছ থেকে কিডনি কিনতে গিয়ে জেল খাটেন। মোটা অংকের জরিমানাও দিতে হয়। দীর্ঘ অসুস্থতার কারণে সিঙ্গাপুরের বিখ্যাত সি কে তাং ডিপার্টমেন্টাল স্টোরের মালিক তাং ইউ সাং কিডনি প্রতিস্থাপন জরুরি হয়ে পড়েছিল। এ অবস্থায় গত বছর এক ইন্দোনেশীয়র কাছ থেকে কিডনি কেনার চেষ্টা করে ধরা পড়ে কিছুদিন জেল খাটেন। তাকে প্রায় ১২ হাজর ইউএস ডলার জরিমানাও দিতে হয়। সিঙ্গাপুরের দ্য স্ট্রেইট টাইমস পত্রিকা শনিবার ওই গ্যাংস্টারের স্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তার স্বামী বলে গিয়েছেন, দণ্ড কার্যকর হওয়ার পর তার কিডনি যেন দান করা হয়। এক চোখ অন্ধ থাকায় 'একচোখা ড্রাগন' হিসেবে পরিচিত ৪২ বছর বয়সী তান জর চিন ২০০৭ সালে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডে দণ্ডিত হন এবং শুক্রবার ভোরে দণ্ড কার্যকর করা হয়। সেদিনই বিকালবেলা তানের কিডনি ধনকুবের তাং ইউ সাং এর দেহে প্রতিস্থাপন করা হয়। পত্রিকাটি জানিয়েছে ৫৬ বছর বয়সী ব্যবসায়ী তাং ইউ সাং দীর্ঘদিন ধরে কিডনির সমস্যাসহ হাঁপানি, ডায়াবেটিস এবং হৃদরোগে ভুগছেন। গতবছর তিনবার তার হৃৎপিণ্ডের বাইপাস সার্জারি করতে হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৮০৬ ঘ.