২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় লড়াইয়ের মধ্যে ইসরায়েল-লেবানন পাল্টাপাল্টি হামলা

গাজায় চলমান হামাস-ইসরায়েল লড়াইয়ের মধ্যে বৃহস্পতিবার লেবানন থেকে ছোড়া কয়েকটি রকেট ইসরায়েলে আঘাত হেনেছে। পাল্টা জবাবে ইসরায়েলও লেবাননে কামানের গোলাবর্ষণ করেছে। গাজায় হামাস গেরিলাদের বিরুদ্ধে ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসরায়েলে লেবাননের রকেট হামলা হয়েছে বলে মনে করা হচ্ছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2009, 07:41 AM

Updated : 26 Aug 2022, 10:55 AM

জেরুজালেম, জানুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- গাজায় চলমান হামাস-ইসরায়েল লড়াইয়ের মধ্যে বৃহস্পতিবার লেবানন থেকে ছোড়া কয়েকটি রকেট ইসরায়েলে আঘাত হেনেছে। পাল্টা জবাবে ইসরায়েলও লেবাননে কামানের গোলাবর্ষণ করেছে। গাজায় হামাস গেরিলাদের বিরুদ্ধে ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসরায়েলে লেবাননের রকেট হামলা হয়েছে বলে মনে করা হচ্ছে। বুধবার রাতে ইসরায়েল গাজায় ৬০ বার বিমান হামলা চালানোর পর বৃহস্পতিবার লেবানন থেকে উত্তর ইসরায়েলে রকেট হামলা হয়। ইসরায়েলি পুলিশ ও চিকিৎসকরা জানিয়েছেন, লেবানন থেকে ছোড়া কমপক্ষে চারটি রকেট হামলায় দুইজন আহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রকেট হামলার জবাবে লেবাননে পাল্টা হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি। গাজায় ইসরায়েলের আগ্রাসনের ১৩ দিনের দিন লেবানন থেকে রকেট হামলা হল। লেবাননের হিজবুল্লাহ গেরিলারা; না লেবাননে বসবাসরত ফিলিস্তিনিরা বৃহস্পতিবার ইসরায়েলে এ হামলা চালিয়েছে তা এখনও পরিষ্কার হওয়া যায়নি। ২০০৬ সালে ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের মধ্যে যুদ্ধ হয়। এছাড়া, ২০০৭ সালে লেবাননে বসবাসরত ফিলিস্তিনিরা ইসরায়েলে দুটি রকেট নিক্ষেপ করেছিল। তবে লেবাননের নিরাপত্তা বাহিনী বলেছে, হিজবুল্লাহ গেরিলাদের রকেট ছোড়ার সম্ভাবনা নেই। কারণ, রকেটটি নিক্ষিপ্ত হয়েছে জাতিসংঘ শান্তিরক্ষী এবং লেবাননের সেনাবাহিনী নিয়ন্ত্রিত এলাকা থেকে। এলাকাটির অবস্থান সীমান্ত থেকে তিন কিলোমিটার উত্তরে। লেবাননের হামাস সূত্রগুলোও ইসরায়েলে রকেট হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। লেবানন থেকে রকেট হামলার পর আরও হামলার আশঙ্কায় উত্তর ইসরায়েলে সেনাদের সতর্কাবস্থায় রাখা হয়েছে। এছাড়া সেখানকার স্কুল বন্ধ করে দিয়ে অধিবাসীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছেন কর্মকর্তারা। রকেট হামলার পর ইসরায়েলের কেবিনেট মন্ত্রী শ্যালোম শিমচোন বলেছেন, "ফিলিস্তিনি দলগুলো গাজার ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে এই রকেট হামলা চালিয়ে থাকতে পারে।" গাজায় ২৭ ডিসেম্বরে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর হিজবুল্লাহ গেরিলারা এতদিন ইসরায়েরে রকেট হামলা চালায়নি। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, লেবাননের ফিলিস্তিনি দলগুলো রকেট হামলা চালিয়ে থাকে। ইসরায়েলের নাহারিয়া শহর ও অন্য আরও তিনটি স্থানে বৃহস্পতিবারের রকেট হামলাটি তারাই চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৩৫৮ ঘ.