গাজা, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গাজায় মানবিক ত্রাণ সাহায্য সরবরাহ করতে দেওয়ার জন্য বুধবার ৩ ঘন্টা যুদ্ধবিরতির পর আবার হামলা শুরু করেছে ইসরায়েল। দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলছে বলে জানিয়েছে গাজার অধিবাসীরা।
গাজা উপত্যাকার উত্তরাঞ্চলের অধিবাসীরা ৩ ঘন্টার যুদ্ধবিরতির সময়ও হামাস গেরিলা ও ইসরায়েলি সেনাদের মধ্যে গুলিবিনিময়ের খবর জানিয়েছে।
এর আগে গাজা নগরীর কাছে দিনে তিনঘন্টা হামলা বন্ধ রাখার পরিকল্পনা ঘোষণা করে ইসরায়েল। গাজায় মানবিক সাহায্য সরবরাহ করতে দেওয়ার জন্য ইসরায়েল এ পদক্ষেপ নেয়।
ইসরায়েলি এক সূত্র জানায়, "গাজা নগরী এলাকায় ইসরায়েলি সেনাবাহিনী প্রতিদিন দুপুর ১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অস্ত্র চালনা বন্ধ রাখবে।" বুধবার থেকেই তা শুরুর কথা জানায় সূত্র।
ওদিকে, গাজার ফিলিস্তিনি কর্মকর্তারাও বলেছেন, তাদেরকে বলা হয়েছে, ইসরায়েল ওই সময়ে হামলা বন্ধ রাখবে। যাতে দোকানপাট খুলতে পারে এবং মৃতদেহ সৎকারের জন্য যথাস্থানে নেওয়া যায়।
প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের কার্যালয় এর আগে বলেছে, ইসরায়েলের সেনাপ্রধানরা একটি মানবিক সাহায্য সরবরাহ করিডোর খোলার সুপারিশ করেছে। এতে করে বিভিন্ন এলাকায় সাহায্য সরবরাহ সম্ভব হবে এবং ফিলিস্তিনিরা সাহায্য মজুদ রাখতে পারবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮১৯ ঘ.
bdnews24