ইসলামাবাদ, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের শক্তিশালী সামরিক গোয়েন্দা সংস্থা 'ইন্টার-সার্ভিসেস এজেন্সি' বা 'আইএসআই' এর প্রধান লেফট্যানেন্ট জেনারেল আহমেদ সুজা পাশা বলেছেন, মুম্বাই হামলা নিয়ে ভারতের সঙ্গে কোনো যুদ্ধ হবে না। জার্মানির ডার স্পাইগেল পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
পত্রিকাটির অনলাইন সংস্করণে ছাপা হওয়া ওই সাক্ষাৎকারে আইএসআই প্রধান বলেন, ভারত নয় পাকিস্তানের শত্র"সন্ত্রাসবাদ।
আহমেদ সুজা পাশা বলেন, "কোনো যুদ্ধ হবে না"। তিনি বলেন, "এখনকার মতোই বরাবরই আমরা ভারতের সঙ্গে সংঘাত থেকে দূরে থাকছি।"
নভেম্বরের মুম্বাই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যবাকে দায়ি করে ভারত দাবি করেছে ওই হামলার পেছনে পাকিস্তানের সরকারি গোয়েন্দা সংস্থার সমর্থন ছিল। ১০ জন বন্দুকধারীর ওই হামলায় মুম্বাইয়ে ১৭৯ জন নিহত হন।
ভারতের প্রধানমন্ত্রী মঙ্গলবার নয়াদিল্লিতে এক নিরাপত্তা সম্মেলনে বলেছেন, "পাকিস্তান আজকে যুদ্ধের দামামা বাজালেও আমাদের জাতীয় ঐক্য দৃঢ় রয়েছে এবং যদি এমন কিছু হয় তবে তা আরও দৃঢ়তর হবে।"
মনমোহন আরও বলেন, "নভেম্বরের মুম্বাই হামলা পাকিস্তান ভিত্তিক সংগঠন লস্কর-ই-তৈয়্যবা চালিয়েছে।"
তিনি আরও বলেন, "এ মুম্বাই হামলায় পাকিস্তানি সরকারি সংস্থাগুলো সাহায্য করেছে-- এ সম্পর্কে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে।"
কিন্তু পাকিস্তান ভারতীয় প্রধানমন্ত্রীর এসব অভিযোগ নাকচ করে দিয়ে মুম্বাই হামলায় তাদের কোনো সরকারি সংস্থার জড়িত নয় বলে দাবি করেছে। একইসঙ্গে তারা বলছে, ভারতের এ ধরনের আচরণে উত্তেজনা বাড়ছে এবং এর ফলে ঘটনাটির সুষ্ঠু তদন্তের সম্ভাবনা নষ্ট হয়েছে।
পাকিস্তানি গোয়েন্দা প্রধান বলেন, "প্রথমে আমরা ভেবেছিলাম ভারত একটি সামরিক প্রতিক্রিয়া দেখাবে। হামলার পর ভারতীয়রা গভীর মর্মাহত হয় এবং ক্ষিপ্ত হয়ে ওঠে, কিন্তু তারাও বুদ্ধিমান।"
তিনি আরও বলেন, "পাকিস্তানে আমরাও হয়তো উত্তেজিত, কিন্তু আমাদের বোধ লোপ পায়নি। আমরা ভাল করেই জানি যে আমাদের শত্র" সন্ত্রাসবাদ, ভারত নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪০০ ঘ.
bdnews24