নয়াদিল্লি, জানুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মুম্বাই হামলায় পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ ইসলামাবাদকে দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই। ভারত বৃহস্পতিবার একথা বলেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি এনডিটিভি নিউজ চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, "এফবিআই এর কাছে ওই হামলার জোরালো কিছু প্রমাণ আছে এবং সেগুলো পাকিস্তানকে দেওয়া হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে।"
মুম্বাই হামলার জন্য পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি দল লস্কর-ই-তৈয়্যবাকে দায়ী করে আসছে ভারত। তবে পাকিস্তান ওই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে হামলার নিন্দা জানিয়েছে। এ হামলার জন্য তারা রাষ্ট্রবহির্র্ভুত ব্যক্তিদের দায়ী করেছে।
কিন্তু ওয়াল স্ট্রিট জার্নাল বুধবার মুম্বাই হামলায় পাকিস্তানের লস্কর ই তৈয়্যবার যোগসূত্র খুঁজে পাওয়ার কথা জানায়। এর একদিন পরই ভারতের পররাষ্ট্রমন্ত্রী ওই হামলায় পাকিস্তানের জড়িত থাকা সম্পর্কে ওই কথা বললেন।
প্রণব বলেন, ওই প্রমাণের ভিত্তিতে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ এখনও কমেনি। তিনি আবারও মুম্বাই হামলায় জড়িত জঙ্গিদের ভারতে হস্তান্তরের জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানান। আন্তর্জাতিক নানা ব্যবস্থাপনার আওতায় পাকিস্তান জঙ্গি হস্তান্তরে বাধ্য বলে জানান প্রণব।
তিনি আরও বলেন, "এ বিষয়ে ব্যবস্থা নিতে ভারতের সঙ্গে কোনও জঙ্গি হস্তান্তর চুক্তি করার প্রয়োজন নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০০ ঘ.
bdnews24