ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সৌদি আরব, লিবিয়া, লেবানন এবং জর্ডানসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের মুসলমানরা আজ মঙ্গলবার পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করছেন। এছাড়া, ব্রিটেনের মুসলমানরাও আজ ঈদ পালন করছেন। কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে এ খবর জানা গেছে।
এ বিষয়ে বার্তাসংস্থা এএফপি ও সিনহুয়া সোমবার রাতে জানায়, মঙ্গলবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, লিবিয়া, লেবানন এবং জর্ডানের মুসলমানরা ঈদ উদযাপন করবেন। বার্তাসংস্থাটি আরও জানায়, সৌদি আরবের ধর্মীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার নতুন চাঁদ দেখা গেছে। এ জন্য সোমবার রমজান মাস শেষ হবে এবং মঙ্গলবার ঈদ উদযাপিত হবে।
লেবানন এবং জর্ডানও সোমবার একই ঘোষণা দেয় বলে জানায় এএফপি। বিবিসি জানিয়েছে, ব্রিটেনের মুসলমানরাও মঙ্গলবার ঈদ উদযাপন করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এসকে/১৫২০ ঘ.
bdnews24