জাতিসংঘ, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ রাখার নির্দেশ দিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শনিবার সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাস করেছে। তবে দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের প্রস্তাবিত নতুন নিষেধাজ্ঞা প্রস্তাবগুলো নাকচ করে দিয়েছে নিরাপত্তা পরিষদ।
নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য - ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং জার্মানি শুক্রবার সাধারণ পরিষদের এক পার্শ্ববৈঠকে ওই প্রস্তাবটির বিষয়ে একমত হয়। পরে ওই প্রস্তাবটির খসড়া ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদের সব সদস্য দেশের কাছে হস্তান্তর করা হয়।
নিরাপত্তা পরিষদের ওই প্রস্তাবটিতে ইরানকে জাতিসংঘের 'আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা'র (আইএইএ) সঙ্গে পূর্ণ সহযোগিতা করার কথাও বলা হয়েছে। ইরান পরমাণু বোমা বানানোর গবেষণা করছে কি না সে বিষয়ে তদন্ত করছে ভিয়েনা ভিত্তিক এ জাতিসংঘ সংস্থাটি।
আইএইএ গত মাসে বলেছে ইরান তাদের পুরোপুরি সহযোগিতা করছে না। অবশ্য ইরান বলেছে তারা তা করছে।
ওদিকে, জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত নিরাপত্তা পরিষদের এ প্রস্তাবের নিন্দা জানিয়ে বলেছেন, "এ ধরনের পদক্ষেপ অবাঞ্ছিত ও অগঠনমূলক"।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩৩৪ ঘ.
bdnews24