২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন সেনারা পাকিস্তানি বাহিনীর লক্ষ্য নয়: যুক্তরাষ্ট্র

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও পাকিস্তানি বাহিনীর গোলাগুলির একদিন পর যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনা কর্মকর্তা শুক্রবার জানিয়েছেন, পাকিস্তানি সেনাবাহিনী তাদের সেনাদের মার্কিন সেনাদের লক্ষ্য করে গুলি করার নির্দেশ দেয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2008, 03:27 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও পাকিস্তানি বাহিনীর গোলাগুলির একদিন পর যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনা কর্মকর্তা শুক্রবার জানিয়েছেন, পাকিস্তানি সেনাবাহিনী তাদের সেনাদের মার্কিন সেনাদের লক্ষ্য করে গুলি করার নির্দেশ দেয়নি। মার্কিন বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ অ্যাডমিরাল মাইক মুলেন জানিয়েছেন, গত সপ্তাহে পাকিস্তান সফরের সময় সেদেশের সেনাবাহিনী তাকে আশ্বস্ত করেছে তারা মার্কিন বাহিনীকে আঘাত করার ইচ্ছা তাদের নেই। একই সঙ্গে পাক-আফগান সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে উভয় সেনাবাহিনীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের সামরিক উপদেষ্টা মুলেন জানিয়েছেন, সীমান্তে গোলাগুলির পর পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি। তিনি বলেন, "পাকিস্তান বাহিনীর শীর্ষ কর্তারা আমাকে আশ্বস্ত করেছেন, আমাদের সেনাদের ওপর আঘাত হানার কোনো উদ্দেশ্য বা পরিকল্পনা তাদের নেই।" তিনি আরও বলেন, "পাকিস্তানি বাহিনীর এই আশ্বাসের পর আমার মনে হয় না তাদের সঙ্গে এ নিয়ে এখন আর কথা বলার কোনো প্রয়োজন আছে।" গত বৃহস্পতিবার পাকিস্তানের একটি সীমান্ত ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের দুটি হেলিকপ্টার লক্ষ্য করে গুলি ছোঁড়ার পর পাকিস্তানি ও মার্কিন বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। অবশ্য যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার দুটি পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করেছিল কি-না তা নিয়ে দুদেশের কর্মকর্তারা পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন। ৩ সেপ্টেম্বর দক্ষিণ ওয়াজিরিস্তানের একটি গ্রামে যুক্তরাষ্ট্রের কমান্ডো অভিযানসহ পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোয় অভিযান চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রচারণার প্রেক্ষাপটে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের এসব অভিযানের প্রতিবাদ জানানোর পাশাপাশি হুমকি দিয়ে বলেছে, তারা নিজেদের রক্ষা করবে। বৃহস্পতিবার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি নিউ ইয়র্কে বলেন, "আমাদের জনগণ ও প্রতিবেশীদের হামলা চালানোর জন্য আমরা যেমন জঙ্গিদেরকে আমাদের ভূখণ্ড ব্যবহার করতে দেব না ঠিক একইভাবে আমাদের বন্ধুদের দ্বারা আমাদের ভূখণ্ড ও সার্বভৌমত্ব লঙ্ঘিত হতে দেব না।" বৃহস্পতিবারের ঘটনা সম্পর্কে ওয়াশিংটন থেকে পেন্টাগনের মুখপাত্র ব্রায়ান হুইটম্যান জোর দিয়ে বলেছেন, তাদের হেলিকপ্টারগুলো পাকিস্তানে প্রবেশ করেনি। তিনি ঘটনাটিকে "সমস্যার" হিসাবে অভিহিত করে ইসলামাবাদের কাছে ব্যাখ্যা চেয়েছেন। তিনি বলেন, "হেলিকপ্টারগুলোর যাত্রাপথে কোনোভাবেই পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করেনি। আর এ ঘটনা কেন ঘটল সে বিষয়ে পাকিস্তানকে আমাদের কাছে উত্তম যুক্তি প্রদর্শন করতে হবে।" পাকিস্তানি সেনা সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের দুটি হেলিকপ্টার পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করার পর তাদের সেনারা সতর্কতামূলকভাবে গুলি ছোঁড়ে। তবে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানি সেনাদের গুলি ছোঁড়ার সময় হেলিকপ্টারগুলো আফগানিস্তানের প্রায় এক মাইল ভেতরে টহল দিচ্ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১১০ ঘ.