ইসলামাবাদ, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে গত মঙ্গলবার রাতে বিধ্বস্ত চালকবিহীন গোয়েন্দা বিমানটি যুক্তরাষ্ট্রের নয় বলে দাবি করেছে পেন্টাগন। এদিকে পাকিস্তানি বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, তারা বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করেছে।
গত বুধবার পাকিস্তানি সংবাদ মাধ্যম জানায়, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের সীমান্তবর্তী আঙ্গর আড্ডা গ্রামের কাছে যুক্তরাষ্ট্রের পরিচালিত চালকবিহীন একটি বিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি।
পাকিস্তানের প্রতিবেশী দেশ আফগানিস্তানে ন্যাটো নেতৃত্বে মোতায়েন কয়েকটি দেশের সেনাবাহিনী চালকবিহীন বিমান ব্যবহার করে। তবে কেবল যুক্তরাষ্ট্রের বিমানই মাঝে মাঝে পাকিস্তানের অভ্যান্তরে ঢুকে পড়ে বলে অভিযোগ করে পাকিস্তান। ব্রিটেনও জানিয়েছে আফগানিস্তানে মোতায়েন তাদের কোনো বিমান নিখোঁজ হয়নি।
মার্কিন বাহিনী বুধবার জানায়, অফগানিস্তানের পূর্বাঞ্চলে পাতকোয়া প্রদেশে তাদের একটি বিমান যান্ত্রিক ত্র"টির কারনে বিধ্বস্ত হয়। তবে তারা সঙ্গে সঙ্গে বিমানটি উদ্ধার করে।
পেন্টাগনের মুখপাত্র ব্রায়ান হুইটম্যান জানান, তাদের কোনো বিমান পাকিস্তানে বিধ্বস্ত হয়নি।
পাকিস্তান সেনাবাহিনী বুধবার এক বিবৃতিতে জানায়, "মঙ্গলবার রাতে পাক-আফগান সীমান্তের পাকিস্তান ভূখণ্ডে একটি চালকবিহীন গোয়েন্দা বিমান বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্র"টির কারণে বিমানটি বিধ্বস্ত হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮২৫ ঘ.
bdnews24