২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএইএ পরিদর্শকদের বের করে দিয়েছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া তাদের প্রধান পরমাণু চুল্লি ইয়ংবিয়ন থেকে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা আইএইএ'র ক্যামেরা ও সিলগালা তুলে নিয়ে সংস্থাটির পরিদর্শকদের বের করে দিয়েছে। আইএইএ কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2008, 11:42 AM

Updated : 26 Aug 2022, 02:25 PM

ভিয়েনা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - উত্তর কোরিয়া তাদের প্রধান পরমাণু চুল্লি ইয়ংবিয়ন থেকে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা আইএইএ'র ক্যামেরা ও সিলগালা তুলে নিয়ে সংস্থাটির পরিদর্শকদের বের করে দিয়েছে। আইএইএ কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন। ভিয়েনায় জাতিসংঘ সংস্থাটির ৩৫ জাতি বোর্ড অব গভর্নরস এর এক বৈঠকে বুধবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। বৈঠকের পর আইএইএ'র মুখপাত্র জানান মেলিসা ফ্লেমিং জানান, "প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রটিতে (ইয়ংবিয়ন) এখন আর কোনো সিলগালা কিংবা কোনও নজরদারি সরঞ্জাম নেই। (উত্তর কোরিয়া) আরও জানিয়েছে যে, এখন থেকে আইএইএ পরিদর্শকদের সেখানে ঢোকার আর কোনো সুযোগ থাকবে না।" মুখপাত্র সাংবাদিকদের আরও জানান, "তারা পরিদর্শকদের জানিয়েছে যে, সপ্তাহখানেকের মধ্যেই প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রটিতে পরমাণু সরঞ্জামাদি চালু করতে যাচ্ছে তারা।" ওদিকে, ওই বৈঠকে উপস্থিত থাকা এক ইউরোপীয় কূটনীতিবিদ হতাশা ব্যক্ত করে বলেছেন, "ইয়ংবিয়নে কি হচ্ছে তা যাচাই করার মতো অবস্থায় থাকছে না আইএইএ।" এর আগে গত শুক্রবার উত্তর কোরিয়া জানায়, প্লুটোনিয়াম উৎপাদনে সক্ষম ইয়ংবিয়ন পরমাণু চুল্লিটি শিগগিরই চালু করছে তারা। এরপরপরই ছয়জাতি চুক্তির আওতায় বন্ধ করে দেওয়া ওই চুল্লি থেকে ক্যামেরা ও সিলগালা সরিয়ে নেওয়ার জন্য আইএইএ-কে আহ্বান জানায় উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও রাশিয়ার সঙ্গে ছয়-জাতি চুক্তির পর পরমাণু চুল্লিটি বন্ধ করে দিয়েছিল উত্তর কোরিয়া। ওই চুক্তি অনুসারে সাহায্যের বিনিময়ে পরমাণু কর্মসূচি বন্ধে সম্মত হয়েছিল দেশটি। ছয়জাতি চুক্তি অনুসারে, পরমাণু কর্মসূচি বন্ধের পরও উত্তর কোরিয়াকে যুক্তরাষ্ট্র তার সন্ত্রাসবাদের মদদদাতা রাষ্ট্রের কালো তালিকা থেকে বাদ না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে দেশটি। গত মাসে তারা জানায়, পুনরায় ইয়ংবিয়ন পরমাণু চুল্লিটি চালু করছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭২০ ঘ.