২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিষাক্ত গুঁড়োদুধ রপ্তানি বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে চীন

বিষাক্ত গুঁড়োদুধ রপ্তানি এবং প্রক্রিয়াজাতকরণ বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিয়েছে চীন। গুঁড়োদুধে রাসায়নিক পদার্থ মেলামাইন মেশানোর ফলে ওই দুধ খেয়ে চীনের ৫০ হাজারেরও বেশি শিশু অসুস্থ হয়ে পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2008, 08:28 AM

Updated : 26 Aug 2022, 02:25 PM

বেইজিং, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিষাক্ত গুঁড়োদুধ রপ্তানি এবং প্রক্রিয়াজাতকরণ বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিয়েছে চীন। গুঁড়োদুধে রাসায়নিক পদার্থ মেলামাইন মেশানোর ফলে ওই দুধ খেয়ে চীনের ৫০ হাজারেরও বেশি শিশু অসুস্থ হয়ে পড়ে। এতে দেশে ও দেশের বাইরে তীব্র সমালোচনার মুখে পড়ে চীন। পাশাপাশি দেশটির রপ্তানি বাণিজ্যে নতুন সংকটের সৃষ্টি হয়। চীনে মেলামাইন মিশ্রিত বিষাক্ত দুধ খেয়ে অসুস্থ হয়ে পড়া শিশুদের মধ্যে প্রায় ১৩ হাজার ইতোমধ্যেই হাসপাতালে ভর্তি হয়েছে। এদের ১০৪ জনে অবস্থা আশঙ্কাজনক। এছাড়া অন্য দেশে এবং অঞ্চলে রপ্তানিকরা ক্যান্ডি, বনরুটি এবং দুধ ও দুধজাত খাদ্যের প্যাকেটে ওই রাসায়নিক পদার্থ পাওয়া গেছে। এর ফলে গত বছরের 'মেইড ইন চায়না' কেলেঙ্কারি আবারও সামনে চলে এসেছে। এছাড়া চীনের মূলভূমির বাইরে হংকং-এ এক শিশু বিষাক্ত দুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বলে দাবী করা হয়েছে। অন্য এক শিশুও বিষাক্ত দুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বলে সন্দেহ করা হচ্ছে। অসুস্থ শিশুদের উদ্বিগ্ন বাবা-মা, চীনা নাগরিক, এবং বিদেশি কম্পানি ও ভোক্তাদের আশ্বস্ত করে চীনের বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, তারা ডেইরি এবং অন্যান্য পণ্যের মান নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নেবে। কৃষিমন্ত্রী সান ঝেংসাই জানান, ডেইরি কম্পানিগুলোর কাছে বিষাক্ত দুধ বিক্রেতা ব্যবসায়ীদের নির্মূল করার জন্য তিনি 'জিহাদ' চালাবেন। সান বলেন, "তাদের নির্মূল করার বিষয়ে কোনো ধরনের আপোষ করা হবে না।" কৃষি মন্ত্রণালয়ের ওয়েব সাইটে এসব কথা জানানো হয়েছে। এছাড়াও জানা গেছে, তিনি দুধে পানি এবং নাইট্রোজেন সমৃদ্ধ মেলামাইন মিশ্রণকারী দুধ কারখানাগুলো খুঁজে বের করেছেন। তারা বিচ্ছিন্ন খামারগুলো থেকে দুধ সংগ্রহ করে তাতে পানি এবং প্রায়ই নাইট্রোজেন সমৃদ্ধ মেলামাইন মিশিয়ে মান নিয়ন্ত্রক সংস্থাকে ফাঁকি দিত। এই কারখানাগুলোর অনেক গুলোই অনিবন্ধিত এবং অনিয়ন্ত্রিত বলে জানিয়েছেন তিনি। সান বলেন, "কাঁচা দুধ ক্রয়ের এই মধ্যস্বত্ত্বটি একেবারেই অনিয়ন্ত্রিত।" তিনি আরও বলেন, " এগুলোই সমস্যাকে আরও জটিল করে তুলেছে এবং এটা এমন অবস্থায় পৌঁছেছে যে একে নির্মূল করা ছাড়া আর কোনো উপায় নেই।" অন্যদিকে জাপান, মালয়েশিয়া, ব্র"নাই, সিঙ্গাপুর, হংকং এবং তাইওয়ানের বাজারে রোববার চীনা দুধজাত পণ্য নিষিদ্ধ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৪২৩ ঘ.