২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উড়িষ্যা ও নেপালে বন্যায় প্রাণহানি ৩৩, গৃহহীন হাজার হাজার মানুষ

ভারতের পূর্বাঞ্চল ও নেপালে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। ভারতের উড়িষ্যা প্রদেশে নতুন করে একটি নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। নিহত হয়েছে ১৬ জন। এছাড়া নেপালে বন্যায় ১৭ জনের প্রাণহানি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2008, 12:25 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ভুবনেশ্বর, ভারত, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের পূর্বাঞ্চল ও নেপালে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। ভারতের উড়িষ্যা প্রদেশে নতুন করে একটি নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। নিহত হয়েছে ১৬ জন। এছাড়া নেপালে বন্যায় ১৭ জনের প্রাণহানি হয়েছে। ভারী বৃষ্টির পানির চাপ সামাল দিতে উড়িষ্যা কর্তৃপক্ষ ভারতের অন্যতম বৃহৎ নদী মহানদীর বাঁধের অনেকগুলো গেট খুলে দিতে বাধ্য হয়। আর এতেই তলিয়ে যায় বিস্তীর্ণ অঞ্চল। উড়িষ্যার রাজস্ব কর্মকর্তা ভেনুগোপাল শর্মা রয়টার্সকে বলেন, "কমপক্ষে দুই লাখ মানুষকে তাদের বাড়িঘর থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া আরও অনেক মানুষকে এখনই সরিয়ে নেওয়ার প্রয়োজন।" টেলিভিশন চিত্রে দেখা যায়, বন্যা দুর্গত এলাকার মানুষ যে যা পারছে সঙ্গে নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে। কেউ আশ্রয় নিচ্ছে উঁচু বাধের ওপর, কেউবা স্কুল ভবনে। দক্ষিণ এশিয়ায় চলতি বছর মৌসুমি বৃষ্টিপাত ও বন্যায় ১২শ'র বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এদের বেশির ভাগ মারা গেছে নেপাল ও ভারতে। মহানদী নদীর বাঁধ ভেঙে গেছে কয়েক জায়গায় এবং এর পানির তোড়ে অনেকস্থানে উঁচু রাস্তাও তলিয়ে গেছে। নেপালে পশ্চিমাঞ্চলে হিমালয় থেকে নেমে আসা নদীগুলোর পানি বাঁধ ছাপিয়ে প্লাবিত করেছে আশপাশের অনেক গ্রাম জনপদ। এতে এ পর্যন্ত ১৭ জনের প্রাণহানি হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে হাজার হাজার মানুষ। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কাইলালি, কাঞ্চনপুর ও দোতি জেলায় মৃতের সংখ্যা ২৪ ছাড়িয়ে গেছে। এছাড়া, নিখোঁজ হয়েছে প্রায় ৪০ জন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা থির বাহাদুর জি সি বলেন, "প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা আরও প্রাণহানির খবর পাচ্ছি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৪০ ঘ.