ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুঁজিবাজারে মার্কিন সরকারের নগদ অর্থ ছাড়ার ঘোষণায় সোনা থেকে আবার শেয়ার বাজারে ফিরতে শুরু করেছেন বিনিয়োগকারীরা। যুক্তরাষ্ট্রে চলমান আর্থিক সংকটের পরিপ্রেক্ষিতে গত বুধ ও বৃহস্পতিবার দুই দিনে সোনার দাম আকস্মিকভাবে আউন্স প্রতি ১১৬ দশমিক ৫০ ডলার বেড়ে গেলেও শুক্রবার আবার তা পড়তে শুরু করে। এদিন সোনার দাম আউন্স প্রতি ৩২ ডলারের বেশি কমে ৮৬৪ দশমিক ৭০ ডলারে দাঁড়ায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম শনিবার একথা জানিয়েছে।
আর্থিক সংকট নিরসনে পুঁজিবাজারে বিপুল পরিমাণ নগদ অর্থ ছাড়ার 'নজিরবিহীন পদক্ষেপ' গ্রহণে শুক্রবার মার্কিন সরকারের ঘোষণার পরপরই দাম পড়তে শুরু করে মূল্যবান ও নিরাপদ বিনিয়োগ এ ধাতুটির।
সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আর্থিক সংকটের কারণে গত বুধ ও বৃহস্পতিবার বিনিয়োগকারীরা শেয়ার বাজারের পরিবর্তে নিরাপদ সম্পদ সোনার দিকে ঝুঁকে পড়ায় আকস্মিকভাবে তার দাম বেড়ে যায়।
রয়টার্স জানিয়েছে, সোনার দাম গত মার্চে রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। তখন আউন্স প্রতি সোনার দাম উঠেছিল প্রায় ১০৫০ ডলার। এরপর দাম কমতে কমতে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের আর্থিক সংকটের আগে তা ছিল আউন্স প্রতি মাত্র ৭৪০ ডলার।
কিন্তু যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম বিনিয়োগ ব্যাংক লেম্যান ব্রাদার্স এর দেউলিয়া ঘোষণা এবং শীর্ষ বীমা প্রতিষ্ঠান এআইজির আর্থিক সংকট কাটিয়ে উঠতে না পারার আশঙ্কায় বিনিয়োগকারীরা শেয়ার বাজারের পরিবর্তে সোনার দিকে ঝুঁকে পড়ে। এর ফলে সোনার দাম মাত্র দুই দিনের মধ্যে আউন্স প্রতি ১১৬ দশমিক ৫০ ডলার বেড়ে যায়।
তবে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সরকার ঘোষণা করে ট্রেজারি ডিপার্টমেন্ট ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ঋণগ্রস্ত ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানগুলোর সাহায্যে পুঁজিবাজারে কয়েকশ' কোটি ডলার ছাড়বে। বিপুল পরিমাণ নগদ অর্থ ছাড়ার নজিরবিহীন এ ঘোষণায় বিনিয়োগকারীরা আবারও শেয়ার বাজারের বিনিয়োগে ফিরে আসেন। আর এর প্রভাবেই পড়ে যায় সোনার বাজার।
এপি জানিয়েছে, শুক্রবার বিনিয়োগকারীদের কাছে সোনার মতো নিরাপদ সম্পদে বিনিয়োগের চেয়ে শেয়ার বাজারই ছিল আকর্ষণীয়।
এ কারণে এদিন 'নিউ ইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জ'-এ ডিসেম্বর সরবরাহের সোনার দাম সাড়ে ৩২ ডলার কমে হয় ৮৬৪ দশমিক ৭০ ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩১২ ঘ.
bdnews24