২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইথিওপিয়া ও সোমালিয়ায় দুর্ভিক্ষের হুঁশিয়ারি জাতিসংঘের

দুর্ভিক্ষের হুমকির মধ্যে রয়েছে হর্ন অফ আফ্রিকা বলে পরিচিত ইথিওপিয়া ও সোমালিয়াসহ আশপাশের অঞ্চল। বিশ্বের ধনী দেশগুলো ৭০ কোটি ডলারের জরুরি ত্রাণ সহায়তা না পাঠালে পুরো মাত্রায় দুর্ভিক্ষের কবলে পড়ে যাবে আফ্রিকার এই দেশ দুটি। শুক্রবার জাতিসংঘ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2008, 06:33 AM

Updated : 26 Aug 2022, 02:24 PM

জাতিসংঘ, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দুর্ভিক্ষের হুমকির মধ্যে রয়েছে হর্ন অফ আফ্রিকা বলে পরিচিত ইথিওপিয়া ও সোমালিয়াসহ আশপাশের অঞ্চল। বিশ্বের ধনী দেশগুলো ৭০ কোটি ডলারের জরুরি ত্রাণ সহায়তা না পাঠালে পুরো মাত্রায় দুর্ভিক্ষের কবলে পড়ে যাবে আফ্রিকার এই দেশ দুটি। শুক্রবার জাতিসংঘ একথা জানিয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক শীর্ষ কর্মকর্তা জন হোমস জানান, ইথিওপিয়া, সোমালিয়া এবং ইরিত্রায়ার কিছু অংশ, কেনিয়ার উত্তরাঞ্চল এবং উগান্ডার দক্ষিণ-পূর্বাঞ্চলে খাদ্য মজুদের পরিমাণ মারাত্মকভাবে কমে গেছে। জিবুতিতেও একই অবস্থা বিরাজ করছে বলে তিনি জানান। আর এ জন্য তিনি বিশ্বজুড়ে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধিকে দায়ি করেছেন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার হিসেব মতে বিশ্বজুড়ে খাদ্য দ্রব্যের মূল্য বৃদ্ধির ফলে নতুন করে আরও সাড়ে সাত কোটি লোক ক্ষুধার হুমকিতে পড়েছে। ফলে এরকম হুমকিতে থাকা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৯২ দশমিক ৫ কোটিতে। জন হোমস বলেন, পরিস্থিতি 'আগের চেয়ে গুরুতর, কেননা খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি এবং এই অঞ্চলে কিছু স্থানে সংঘর্ষ এবং খরা এবং এই বিষয়গুলোর সমন্বিত প্রভাবই হচ্ছে এ দুর্ভিক্ষের কারণ।" এছাড়াও জাতিসংঘ জানিয়েছে 'হর্ন অফ আফ্রিকা' তে ৩০ লাখ শিশুসহ মোট ১ কোটি ৭০ লাখ লোকের জরুরি খাদ্য এবং অন্যান্য সাহায্য প্রয়োজন। হোমস বলেন, " যদি খরা আরও প্রখর হয় এবং দুর্ভিক্ষের সময় প্রলম্বিত হয় তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।" তিনি আরও বলেন, " আমাদের আরও বেশি তহবিল প্রয়োজন। তা না হলে পরিস্থিতি আজ যে অবস্থায় রয়েছে তার চেয়ে আরও বেশি বিপর্যয়কর হয়ে যাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১২২৭ ঘ.