হিউস্টন, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শক্তিশালী সামুদ্রিক ঝড় আইকের আঘাতে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের ঘনবসতিপূর্ণ টেক্সাস অঙ্গরাজ্যে সোমবার ব্যাপক আকারে ত্রাণ ও উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।
ওদিকে প্লাবিত এলাকাগুলোর পানি কমতে শুরু করলেও এখনো বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে রাজ্যের ৪০ লাখ লোক, বেশ কয়েকটি তেল শোধনাগার ও গ্যাস স্টেশন এবং অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, রাজ্যের সবচেয়ে বড় নগরী হিউস্টনের কাছের প্রাচীর দ্বীপ হিসেবে পরিচিত গ্যালভেস্টন শহর থেকে কমপক্ষে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোররাত দুইটার পর ঘণ্টায় ১১০ মাইল (১৭৫ কিলোমিটার) বেগে এ দ্বীপ শহরে আঘাত হানে আইক।
এরপর ঝড়টি এগিয়ে যায় উপকূলের দিকে। এতে ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হয় যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম নগরী হিউস্টনসহ সাগর তীরবর্তী শহরগুলোর অবকাঠামো ।
রোববার রাতে হিউস্টনের হ্যারিস কাউন্টির প্রধান নির্বাহী এড ইম্মেত এক সংবাদ সম্মেলনে জানান, ৬০টি ট্রাকে করে প্রয়োজনীয় জিনিসপত্র পাঠানো হয়েছে।
তিনি জানান, ইতিমধ্যেই ছয়টি ত্রাণ সরবরাহ কেন্দ্র চালু হয়েছে এবং সোমবার নাগাদ আরও ১৭টি চালু হতে পারে।
ধারণা করা হচ্ছে, আইকের আঘাতে আট থেকে আঠারো বিলিয়ন মার্কিন ডলারের সম্পদের ক্ষয়-ক্ষতি হয়ে থাকতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৬৪৫ ঘ.
bdnews24