ওয়াশিংটন, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি) - যুক্তরাষ্ট্রে নাইন ইলেভেন হামলার ৭ম বার্ষিকী পালন করেছে দেশটি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ওই বিমান হামলায় নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের টুইন টাওয়ার সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয় এবং সব মিলিয়ে প্রায় ৩ হাজার লোক নিহত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথম এবং সবচেয়ে ভয়াবহ হামলা এটি।
ওই দিন চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে সেগুলোর সাহায্যে টুইন টাওয়ার এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগগনসহ তিনটি ভিন্ন স্থানে একই সময়ে হামলা চালানো হয়। প্রথম দুটি বিমান টুইন টাওয়ারে আঘাত হানে এবং তৃতীয় একটি বিমান পেন্টাগনের একপাশে আঘাত হানে এবং চতুর্থ বিমানটি লক্ষ্যে পৌঁছুতে ব্যর্থ হয়ে পেনসিলভানিয়ার একটি মাঠে বিধ্বস্ত হয়।
ওসামা বিন লাদেনের নেতৃত্বাধীন আল কায়েদাকে ওই হামলার জন্য দায়ী করা হয়ে থাকে।
নাইন ইলেভেন হামলায় নিহতদের স্মরণে ধ্বংসপ্রাপ্ত টুইন টাওয়ার স্থলের 'গ্রাউন্ড জিরোতে' স্মরণ সভাসহ দেশজুড়ে নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থী জন ম্যাককেইন এবং বারাক ওবামা একই সঙ্গে 'গ্রাউন্ড জিরো'র ওই স্মরণ সভায় যোগদান করবেন।
প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ওই দিনের হামলায় পেন্টাগনে নিহত ১৮৪ জনের স্মরণে সেখানে একটি স্মৃতিসৌধ উন্মোচন করবেন। এছাড়াও প্রেসিডেন্ট বুশ হামলার সময় সকাল পৌনে ন'টায় হোয়াইট হাউসের সাউথ লনে দাড়িয়ে নীরবতা পালন অনুষ্ঠানে যোগ দেবেন। সকাল ঠিক পৌনে নটাতেই বিশ্ব বানিজ্য কেন্দ্রের টুইন টাওয়ারে প্রথম বিমানটি আঘাত হেনেছিল।
গ্রাউন্ড জিরোর স্মরণ সভায় একত্রে যোগদান উপলক্ষে রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক শিবির এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, এই উপলক্ষে ২৪ ঘণ্টার জন্য নির্বাচনী প্রচারাভিযান স্থগিত রাখা হবে।
বিবৃতিতে জানানো হয়, রাজনীতিকে এক পাশে সরিয়ে রেখে 'একজন মার্কিনি' হিসেবে ওবামা ও ম্যাককেইন একইসঙ্গে ওই সভায় যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, "একজন ডেমোক্র্যাট বা রিপাবলিকান হিসেবে নয় একজন মার্কিনি হিসেবে আমরা সবাই ৯/১১ এর ঘটনাস্থলে আসছি।"
নাইন ইলেভেন হামলায় ধ্বংস হয়ে যাওয়া ট্ইুন টাওয়ারের খালি স্থানে একটি স্মৃতিসৌধ এবং 'ফ্রিডম টাওয়ার' নামে একটি বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। ২০১২ সালের মধ্যে ভবনটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ হামলার দশম বার্ষিকীর মধ্যে নির্মাণ কাজ শেষ করার তাগিদ দিয়েছেন।
তিনি বলেন, "সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হামলার দশম বর্ষের মধ্যে স্মৃতিসৌধের নির্মাণ কাজ শেষ করতে হবে। কোনো বিলম্ব এবং অজুহাত নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৬১০ ঘ.
bdnews24