বেইজিং, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চীনের উত্তরাঞ্চলীয় শানঝি প্রদেশে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ৩৪ জন মারা গেছে এবং নিখোঁজ রয়েছে 'বেশ কয়েকশ' লোক। সোমবার সকালে পাহাড়ি এলাকাটিতে ভূমিধসে পাথর ও কাদামাটির ঢলের তোড়ে তাশান লৌহ আকরিক খনির বর্জ্য আধার ভেঙ্গে যায় এবং ভয়াবহ এ ঘটনা ঘটে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া একথা জানিয়েছে।
খনিটিতে অজ্ঞাত সংখ্যক শ্রমিক আটকা পড়ার এবং সেখান থেকে আহত ৩৫ জনকে উদ্ধারের খবর পাওয়া গেছে। এ ঘটনায় কয়েক মিটার পুরু আঠালো কাদামাটি ও পাথরের আস্তরণে ঢেকে গেছে সেখানকার বেশ কয়েকটি গ্রামের অসংখ্য ঘরবাড়ি ও রাস্তাঘাট।
রাষ্ট্রীয় বেতার সংস্থা তাদের ওয়েবসাইটে এক খবরে জানিয়েছে, সেখানকার কয়েকশ' লোক নিখোঁজ রয়েছে। তবে এ বিষয়ে তারা বিস্তারিত কিছিু জানায়নি। সিনহুয়া জানিয়েছে নিখোঁজ লোকের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।
সিনহুয়া জানায়, পাথর ও কাদামাটির স্রোতের ধাক্কায় সেখানকার তিনতলা একটি ভবন, একটি মার্কেট এবং কিছু বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আকস্মিকভাবে বানের জলের মতো ওই কাদামাটি ও পাথরের স্রোত উপত্যকাটিতে আছড়ে পড়ে এবং কয়েক মিনিটের মধ্যে ওই মার্কেট ও বাড়িগুলো ধ্বংস হয়ে যায়।
এছাড়া পাশের গ্রামগুলোতে কাদামাটির স্রোতের তলায় চাপা পড়া বাড়িঘরের কয়েকশ লোকের ভাগ্যে কি ঘটেছে সে বিষয়টি নিশ্চত নয়। উদ্ধারকাজে অংশ নিয়েছে গ্রামবাসী, দমকলকর্মী ও পুলিশসহ প্রায় সহস্রাধিক লোক। তারা জানিয়েছেন এখনও প্রবল বৃষ্টি চলতে থাকায় এবং ধ্বংসস্তুপ সরিয়ে উদ্ধার তৎপরতা চালানো বেশ কঠিন হয়ে পড়েছে। (বিস্তারিত আসছে)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩৫৭ ঘ.
bdnews24