মিরানশাহ, পাকিস্তান, সেপ্টেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্ত ানের আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের আদিবাসী এলাকার একটি গ্রামে সোমবার যুক্তরাষ্ট্রের বিমান হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। চালকবিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে এ হামলা চালায় যুক্তরাষ্ট্র। পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছেন।
উত্তর ওয়াজিরিস্তানের আদিবাসী এলাকার এ গ্রামটিতে আল-কায়েদা নেতা ওসামা বিন-লাদেনের পুরনো বন্ধু জালালুদ্দিন হাক্কানীর প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা রয়েছে।
দান্দি দারপাখেল নামের ওই গ্রামের এক বাসিন্দা এ বিষয়ে বলেন, "দুটি চালকবিহীন বিমান থেকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।"
পাকিস্তানের একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, হামলার লক্ষ্য ছিল তালেবান কমান্ডার জালালুদ্দিন হাক্কানীর বাড়ি এবং তার প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা।
গত শতকের সত্তর ও আশির দশকে আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থিত আফগান যুদ্ধের একজন শীর্ষস্থানীয় কমান্ডার ছিলেন জালালুদ্দিন হাক্কানী।
পরবর্তীতে আশির দশকের শেষ দিকে বিন লাদেনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তার। এছাড়া, পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো, বিশেষকরে সামরিক বাহিনীর "ইন্টার-সার্ভিসেস ইনটেলিজেন্স" বা "আইএসআই" এর সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল জালালুদ্দিন হাক্কানীর।
নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের এক ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, হামলায় কোনো বিদেশি জঙ্গি হতাহত হয়নি।
তিনি আরও জানান, "হতাহতরা সিরাজুদ্দিন হাক্কানীর গ্র"পের সদস্য"।
অবশ্য এর আগে অন্য এক গোয়েন্দা কর্মকর্তা বলেছিলেন হামলায় সাতজন বিদেশি জঙ্গি এবং ছয়জন বেসামরিক লোক নিহত হয়েছে। ওই কর্মকর্তা বলেছিলেন, "বাড়িটি এবং পার্শ্ববর্তী অতিথিশালায় উজবেকিস্তান ও সৌদি আরব উভয় দেশের লোকেরা থাকতো। হামলায় সেখানকার ছয়জন নিহত হয়েছে। তবে আমরা তাদের পরিচয় জানি না।"
চিকিৎসকরা জানিয়েছেন, হামলায় আহত ১৫-২০ জনের অধিকাংশই নারী ও শিশু। এদেরকে উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহের প্রধান হাসপাতালে নেওয়া হয়েছে।
হাক্কানীর এক ছেলে জানিয়েছেন, হামলার সময় তার বাবা এবং আরেক ভাই সিরাজুদ্দিন কাছাকাছি কোথাও ছিলেন না।
ধারণা করা হয়, প্রবীণ নেতা জালালুদ্দিন হাক্কানীর স্বাস্থ্য ভাল নেই এবং আগের চেয়ে তিনি কম সক্রিয়। বর্তমানে তার ছেলে সিরাজুদ্দিন তালেবানদের একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন।
জালালুদ্দিন হাক্কানির তৃতীয় ছেলে বদরুদ্দিন টেলিফোনে রয়টার্সকে বলেছেন, "হামলার সময় হাক্কানি ও সিরাজুদ্দিন আফগানিস্তানে ছিলেন। তারা জীবিত আছেন।"
বদরুদ্দিন জানান, তাদের ওই পারিবারিক বসত ভিটায় চালানো হামলায় তার এক নারী আত্মীয় নিহত হয়েছেন।
তিনি জানান, গত ৩০ বছর ধরে তারা এ বাড়িতে বসবাস করছেন।
তবে স্থানীয়রা তিনটি ক্ষেপণাস্ত্রের আঘাতের কথা বললেও বদরুদ্দিন তাদের বাড়িতে ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হানার দাবি করেছেন।
ওদিকে, স্থানীয়রা জানিয়েছেন, আক্রান্ত এলাকাটি জঙ্গিরা ঘিরে রেখেছে।
পাকিস্তানের সামরিক মুখপাত্র মেজর জেনারেল আতহার আব্বাস জানিয়েছেন, একটি "ঘটনা" ঘটেছে এবং এর কারণ খতিয়ে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৮০৯ ঘ.
bdnews24