নিউ অরলিন্স, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রচণ্ড ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিসহ সোমবার লুইজিয়ানা উপকূলে আঘাত হানার পর দূর্বল হয়ে পড়েছে হারিকেন গুস্তাভ। স্থলভাগে উঠে ক্রমশ শক্তি হারিয়ে এটি এখন একটি ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়েছে। এর আঘাতে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপনের দিকে তাকিয়ে আছে রাজ্যের বৃহত্তম এবং যুক্তরাষ্ট্রের অন্যতম বন্দরনগরী নিউ অরলিন্স। স্থলভাগে আঘাত হানার সময় পশ্চিম দিকে বাঁক নেওয়ায় গুস্তাভের তাণ্ডবলীলা থেকে রক্ষা পায় প্রায় জনমানবশূন্য নগরী নিউ অরলিন্স। (আরও তথ্যসহ)
প্রসঙ্গত, উপকূলীয় এই নগরীটি ২০০৫ সালের ২৯ আগস্টে আঘাত হানা প্রলয়ঙ্করী ঝড় ক্যাটরিনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছিল যে ক্যাটরিনার চেয়ে বেশি ধ্বংসাত্মক হতে পারে গুস্তাভ। এমন প্রেক্ষাপটে গত রোববারের মধ্যেই লুইজিয়ানার উপকূলীয় এলাকাগুলো ছেড়ে নিরাপদে চলে যায় প্রায় ২০ লাখ মানুষ।
নিউ অরলিন্সের মেয়র রে নাগিন জানিয়েছেন, অধিবাসীরা এ সপ্তাহের শেষ দিকে নগরীতে ফিরে আসতে পারবেন। কর্মকর্তারা জানিয়েছেন, গুস্তাভ আতঙ্কে প্রায় জনমানশূন্য নিউ অরলিন্সে সান্ধ্য আইন জারি রয়েছে। হারিকেনের আঘাতে নগরীটির কেমন ক্ষয়ক্ষতি হয়েছে মঙ্গলবার থেকেই তা খতিয়ে দেখার কাজ শুরু হবে। বুধবার থেকে বন্দরনগরীটিতে ব্যবসায়িক কাজকর্ম শুরু করা যাবে বলেও ধারণা করছেন তারা।
কর্মকর্তারা আরও জানিয়েছেন, গুস্তাভের আঘাতে লুইজিয়ানায় ছয়জনের প্রাণহানি হয়েছে। নিউ অরলিন্স পুলিশ লুটপাটের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে। তিন বছর আগে ক্যাটরিনা আঘাত হানার সময় নিউ অরলিন্সে ব্যাপক লুটপাট হয়েছিল। তাই এবার আগেভাগে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
হারিকেন গুস্তাভের আঘাতে যুক্তরাষ্ট্রের উপকূলীয় এলাকার তেল স্থাপনাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা করা হয়েছিল। এর প্রেক্ষিতে তেল সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে
bdnews24