২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসিডেন্ট ও বিচারকদের ইস্যুতে পাকিস্তানের ক্ষমতাসীন জোটে বিভেদ বাড়ছে

প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়ন ও পদচ্যুত বিচারকদের পুনর্বহালের ইস্যু নিয়ে পাকিস্তানের ক্ষমতাসীন জোটের শরিকদের মধ্যে বিভেদ বাড়ছে। এই অবস্থায় ছয় মাস বয়সী জোটের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2008, 12:56 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ইসলামাবাদ, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়ন ও পদচ্যুত বিচারকদের পুনর্বহালের ইস্যু নিয়ে পাকিস্তানের ক্ষমতাসীন জোটের শরিকদের মধ্যে বিভেদ বাড়ছে। এই অবস্থায় ছয় মাস বয়সী জোটের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে। ক্ষমতাসীন জোটের নেতৃত্বে থাকা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) শনিবার জানিয়েছে, তারা বেনজিরের স্বামী আসিফ আলী জারদারিকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেবে। জারদারিও দলের সিদ্ধান্ত মেনে নিয়ে প্রেসিডেন্ট প্রার্থী হতে রাজি হয়েছেন। তবে পিপিপির এই ঘোষণায় খুশি নয় জোটের অন্যতম শরিক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল মুসলিম লীগ (এন)। এছাড়া বরখাস্ত বিচারকদের স্বপদে পুনর্বহাল করার জন্য আগামী বুধবার পর্যন্ত সময় বেধে দিয়েছেন নওয়াজ শরীফ। তা না হলে সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকিও দিয়েছেন তিনি। শরীফের দলের মুখপাত্র আহসান ইকবাল রোববার বলেন, "তারা (পিপিপি) যদি এককভাবে সিদ্ধান্ত নেয় তাহলে আমরা কি করতে পারি। সবকিছু দেখে মনে হচ্ছে পিপিপি জোট ভেঙে ফেলতে চাইছে।" ইকবাল জানিয়েছেন, এ সব বিষয়ে সিদ্ধান্ত নিতে তার দলের ঊর্ধ্বতন নেতারা আগামী সোমবার বৈঠকে বসবেন। পাকিস্তানের নির্বাচন কমিশন গত শুক্রবার ঘোষণা দিয়েছে আগামী ৬ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। অভিশংসন এড়াতে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ গত সপ্তাহে পদত্যাগ করলে পদটি শূন্য হয়। পাকিস্তানের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদ শূন্য হওয়ার ৩০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করতে হবে। ৪টি প্রাদেশিক পরিষদের সদস্যদের এবং পার্লামেন্টের দুই কক্ষের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। পারভেজ মুশাররফের পদত্যাগে রাজনৈতিক অচলবস্থা কেটে গিয়ে পাকিস্তানে অর্থনৈতিক ও নিরাপত্তা সমস্যার সুরাহা হবে-- বিনিয়োগকারী ও মিত্ররা এমনটি আশা করলেও তেমন লক্ষণ দেখা যাচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৫৫ ঘ.