কোলকাতা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পশ্চিমবঙ্গের সিঙ্গুরে টাটার ন্যানো গাড়ি তৈরির ফ্যাক্টরির জন্য জমি অধিগ্রহণের প্রতিবাদে রোববার সেখানে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ।
টাটা ঘোষণা দিয়েছে, স্বল্প আয়ের ক্রেতাদের জন্য ১ লাখ রুপি মূল্যের ন্যানো গাড়ি আগামী অক্টোবরে বাজারে ছাড়বে। তবে ফ্যাক্টরির জন্য কৃষকেরা জমি দিতে অস্বীকার করায় এবং এ নিয়ে গত কয়েক মাসের প্রতিবাদ বিক্ষোভের কারনে টাটার এই প্রকল্প হুমকির মুখে পড়েছে। টাটার প্রধান রতন টাটা হুমকি দিয়েছেন, প্রতিবাদ অব্যাহত থাকলে তারা ফ্যাক্টরি পশ্চিমবঙ্গ থেকে অন্যত্র সরিয়ে নেবে।
রোববার সিঙ্গুরে টাটার একটি ফ্যাক্টরি ভবনের বাইরে জড়ো হয় কয়েক হাজার গ্রামবাসী ও বিক্ষোভকারী। এ সময় তারা টাটার জমি অধিগ্রহণের বিরুদ্ধে শ্লোগান দেয়। পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতা থেকে সিঙ্গুর গাড়িতে এক কিলোমিটারের পথ।
বিক্ষোভকারীদের অনেকে ট্রাকে ও রিক্সা টেক্সিতে সিঙ্গুর আসেন। সেখানে তারা একটি ফ্যাক্টরি ভবনকে ঘিরে বসে পড়েন। অনেকে আবার সিঙ্গুরের সঙ্গে কোলকাতার সংযোগকারী রাস্তাটির ওপর বসে পড়ে বিক্ষোভ করেন।
টাটার প্রজেক্টে জমি হারানো এক কৃষকের স্ত্রী কাজল দাস বলছিলেন, "জমি ফেরত পাওয়ার দাবি নিয়ে আজ আমরা এখানে জড়ো হয়েছি। জমি হারিয়ে আমাদের যে ক্ষতি হয়েছে অর্থ দিয়ে তা পূরণ করা সম্ভব নয়।"
বিক্ষোভের সময় ফ্যাক্টরির নিরাপত্তায় মোতায়েন ছিল কয়েক হাজার সশস্ত্র পুলিশ। প্রস্তুত রাখা হয় জলকামান।
ভারতের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টাটার ফ্যাক্টরি তৈরির জন্য সিঙ্গুরে জমি অধিগ্রহণ করে পশ্চিমবঙ্গের বাম সরকার। বিনিময়ে সরকার কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে। কিন্তু অনেক কৃষক অভিযোগ করেছেন তারা তাদের প্রাপ্য পাননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭৪৫ ঘ.
bdnews24