ইসলামাবাদ, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলী জারদারি প্রেসিডেন্ট পদপ্রার্থী হচ্ছেন। তার দলের এক কর্মকর্তা শনিবার একথা বলেছেন।
জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) শুক্রবার জানিয়েছে, তারা ৬ সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য জারদারিকে মনোনীত করতে চান।
জারদারিও দলের সর্বসম্মত সিদ্ধান্ত মেনে নিয়ে পিপিপি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন। পার্টির ঊর্ধ্বতন কর্মকর্তা মিয়া রাজা রব্বানী এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন। অন্য কেউ প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেনি।
প্রেসিডেন্ট মুশাররফের পদত্যাগের পর তার জায়গায় একজনকে স্থলাভিষিক্ত করা এখন পাকিস্তান জোট সরকারের জন্য অর্থনীতি ও নিরাপত্তা ইস্যুর মতো অন্যতম একটি চ্যালেঞ্জ। প্রেসিডেন্টের হাতে বেশি ক্ষমতা কুক্ষিগত থাকলে এ পদে জারদারির মনোনয়ন নিয়ে বিতর্ক দেখা দেবে।
পাকিস্তান জোট সরকারে নওয়াজ শরীফের নেতৃত্বাধীন দ্বীতিয় বৃহত্তম দল জারদারির মনোনয়ন নিয়ে আগেভাগেই কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে তারা প্রেসিডেন্টের ক্ষমতা কমানোর প্রস্তাব দিয়েছে। বিশেষ করে পার্লামেন্ট ভেঙে দেওয়ার ক্ষমতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১০২১ ঘ.
bdnews24