২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তান সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট সারকোজি

কাবুলের পূর্বাঞ্চলে বড় ধরনের এক সংঘর্ষে তালেবান জঙ্গিরা ১০ ফরাসি সেনাকে হত্যার পর বুধবার আফগানিস্তান সফরে গেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। ২০০১ সালের পর আফগানিস্তানে এটাই সবচে বেশি বিদেশি সেনা নিহতের ঘটনা। কিন্তু তারপরও সরকোজি বলেছেন, এ বছর আফগানিস্তানে বাড়তি ৭০০ সেনা পাঠিয়েও তার কোনও দু:খ নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2008, 10:54 AM

Updated : 26 Aug 2022, 02:16 PM

কাবুল, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কাবুলের পূর্বাঞ্চলে বড় ধরনের এক সংঘর্ষে তালেবান জঙ্গিরা ১০ ফরাসি সেনাকে হত্যার পর বুধবার আফগানিস্তান সফরে গেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। ২০০১ সালের পর আফগানিস্তানে এটাই সবচে বেশি বিদেশি সেনা নিহতের ঘটনা। কিন্তু তারপরও সরকোজি বলেছেন, এ বছর আফগানিস্তানে বাড়তি ৭০০ সেনা পাঠিয়েও তার কোনও দু:খ নেই। সোমবার সারোবি জেলায় তালেবান জঙ্গিরা তিনদিক থেকে ফরাসি সেনা টহলদলের ওপর হামলা করলে দুপক্ষে সংঘর্ষ শুরু হয়। এতে হতাহতের ওই ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন। গত বছর তালেবানরা ধীরে ধীরে কাবুলের কাছে চলে আসে। এতে করে রাজধানীর দক্ষিণ, পশ্চিম এবং পূর্বে সেনা ও নাগরিকদের জন্য যাতায়াত কঠিন হয়ে পড়ে। জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। সারকোজি এক বিবৃতিতে বলেছেন, "আমার আত্মপ্রত্যয় অক্ষুন্ন আছে। ফ্রান্স গণতন্ত্র ও স্বাধীনতার জন্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। আর কমরেডদের প্রতি বিশ্বস্ত থাকার সবচে ভাল উপায় হল কাজ চালিয়ে যাওয়া। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এবং প্রফেশনাল হওয়া।" কাবুলের উপকন্ঠে একটি ফরাসি সেনা ঘাঁটিতে সারকোজি একথা বলেন। সারকোজি এ বছর ৭০০ সেনা আফগানিস্তানে পাঠিয়েছেন। আফগানিস্তানে তালেবান বিদ্রোহ সামাল দিতে ন্যাটো মিত্রদেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের আবেদনে সাড়া দিয়ে সরকোজি সেখানে সেনা পাঠান। এতে করে আফগানিস্তানে ফরাসি সেনা সংখ্যা ২৬০০ তে পৌঁছে। কয়েক ঘন্টার আফগানিস্তান সফরে সারকোজি প্রথমে নিহত সেনাদের শ্রদ্ধা জানান। এরপর তার ২১ জন আহত সেনাকে দেখতে যাওয়ার কথা এবং পরে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠক করার কথা। ফ্রান্সের কর্মকর্তারা একথা জানিয়েছেন। সারকোজি বলেন, "বিশ্বের স্বাধীনতা এখানে বিপন্ন। একারণেই সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চালানো হচ্ছে। আমরা আফগানদের বিরুদ্ধে নই। আমরা আফগানদের সঙ্গে আছি। আর তাই তাদেরকে বর্বরতার মধ্যে ছেড়ে যেতে চাই না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪৬ ঘ.