সিউল, আগস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের দক্ষিণ কোরিয়া সফরের প্রতিবাদে রাজধানী সিউলে মোমবাতি নিয়ে বড় ধরনের বিক্ষোভ-সমাবেশ ডেকেছে বুশবিরোধী বিক্ষোভকারীরা। একইসঙ্গে তারা দুই দেশের মধ্যকার গরুর মাংস আমদানি চুক্তি বাতিলেরও দাবি জানিয়েছে। বুশ মঙ্গলবার দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন।
বিক্ষোভকারীরা মোমবাতি নিয়ে বড় ধরনের বিক্ষোভ-সমাবেশ করবে বলে সোমবার জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে পূর্ব এশিয়ায় এটিই বুশের সর্বশেষ সফর বলে মনে করা হচ্ছে। দক্ষিণ কোরিয়া সফর শেষে থাইল্যান্ড এবং অলিম্পিক উপলক্ষে চীনে যাওয়ার কথা রয়েছে বুশের।
সিউল সফরে বুশ পরমাণু অস্ত্র কর্মসূচি বন্ধে উত্তর কোরিয়ার সিদ্ধান্তের প্রতি তার সমর্থন জোরদার করবেন বলে ধারণা করা হচ্ছে।
সোমবার দক্ষিণ কোরিয়ার বুশবিরোধী সংগঠনগুলোর জোট এক বিবৃতিতে বলেছে, "আমরা বুশের সফরের বিরোধিতা করছি। যিনি ম্যাড কাউ রোগের ঝুঁকি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের গরুর মাংস বিক্রি করছেন। যে রোগ জনগণের স্বাস্থ্য ও জীবনকে হুমকির মধ্যে ঠেলে দেয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৯৪০ ঘ.
bdnews24