বেইজিং, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চীনের জিনজিয়াং প্রদেশের কাশগরের একটি পুলিশ স্টেশনে গ্রেনেড হামলায় সোমবার সকালে কমপক্ষে ১৬ পুলিশ সদস্য নিহত এবং ১২ জন আহত হয়েছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া একথা জানিয়েছে।
আগামী শুক্রবার বেইজিং অলিম্পিক উদ্বোধনের ঠিক চারদিন আগে এ হামলার ঘটনা ঘটল। ওদিকে, অলিম্পিক গেমসকে ঘিরে বেইজিংসহ সব অলিম্পিক ভেন্যুত নিচ্ছিদ্র নিরাপত্তা গ্রহণের পাশাপাশি সারাদেশে ব্যাপক নিরাপত্তা কড়াকড়ি আরোপের কথা জানিয়েছে চীন।
সিনহুয়া জানায়, হামলাকারীরা কাশগরের কাছে একটি সীমান্ত পুলিশ চৌকিতে দুটি গাড়ি নিয়ে হামলা করে এবং পরপর দুটি গ্রেনেড নিক্ষেপ করে।
জিনজিয়ান প্রদেশটি উইগর জাতিগোষ্ঠী অধ্যুষিত। উইগরদের একটি বড় অংশই মুসলিম এবং তারা উইগর মুসলিম হিসেবে পরিচিত। এখানকার সীমান্ত অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর কাশগর। কাশগরের উইগর মুসলিমরা অত্যন্ত ধর্মনিষ্ঠ জীবনাচরণের অভ্যস্ত।
উইগরদের কিছু গ্র"প সেখানকার তুর্কি ভাষাভাষী জনগোষ্ঠীর জন্য ওই অঞ্চলে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে লিপ্ত বলে অভিযোগ করা হয়ে থাকে। জিনজিয়াংয়ের উইগর গোষ্ঠীর স্বাধীন 'পূর্ব তুর্কিস্থান' আন্দোলনের নেতৃত্বদানকারি 'তুর্কিস্থান ইসলামিক পার্টি'র সঙ্গে আল কায়েদার যোগসূত্র রয়েছে বলেও অভিযোগ করা হয়।
তবে সিনহুয়ার ওই প্রতিবেদনে এ হামলার জন্য কারা দায়ী সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। অলিম্পিকে সম্ভাব্য হামলার বিষয়ে জিনজিয়াং প্রদেশের নিরাপত্তা নিয়েই বেশি শঙ্কিত চীন । জিনজিয়াং থেকে হামলার হুমকি আসতে পারে বলেও চীনের কাছে তথ্য রয়েছে।
জিনজিয়াং থেকে এ বছরের শুরু দিকের ছয় মাসে অলিম্পিকে হামলার পরিকল্পনারত অভিযোগে ৮২ জনকে আটক করেছে পুলিশ ।
অলিম্পিকের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত চীনা সেনাবাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা সিনিয়র কর্নেল তিয়ান ইজিয়াং বলেছেন, 'পূর্ব তুর্কিস্তান সন্ত্রাসী গ্র"পগুলো' বেইজিং গেমসের সবচেয়ে বড় হুমকি। এছাড়া তিব্বতি বিচ্ছিন্নতাবাদী এবং 'ফালং গং' নামে পরিচিত নির্বাসিত আধ্যাত্মিক গোষ্ঠীর কাছ থেকেও হামলার আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার অলিম্পিকের নিরাপত্তা বিষয়ে সাংবাদিকদের অবহিত করার সময় তিনি এসব কথা বলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১৩৩৮ ঘ.
bdnews24