ওয়াশিংটন, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কাবুলের ভারতীয় দূতাবাসে ৭ জুলাইয়ের আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনায় সহায়তা করেছে পাকিস্তানি গোয়েন্দারা--- মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো একথা বলেছে। 'দ্য নিউ ইয়র্ক টাইমস' পত্রিকা বৃহস্পতিবার এক প্রতিবেদনে একথা জানায়।
যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা 'নিউ ইয়র্ক টাইমস'কে জানান, আড়িপেতে পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে কাবুলের ভারতীয় দূতাবাসে হামলাকারী জঙ্গিদের মধ্যকার কথোপকথন শুনেছেন তারা। পত্রিকাটি বলেছে, পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা যে ওই অঞ্চলে জঙ্গি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা সক্রিয়ভাবে ক্ষুন্ন করছেন এটাই তার অকাট্য প্রমাণ।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তারা আরও বলেন, নতুন পাওয়া খবরে তারা জেনেছেন, পাকিস্তানের আইএসআই এর পরিচালনা পরিষদের সদস্যরা যুক্তরাষ্ট্রের সন্ত্রাস-বিরোধী অভিযান সম্পর্কে জঙ্গিদের বিস্তারিত তথ্য দিচ্ছে। এভাবে তারা পাকিস্তানের আদিবাসী অঞ্চলে তাদেরকে মার্কিন ক্ষেপণাস্ত্র থেকে বাঁচার পথ করে দিচ্ছে।
টাইমস জানায়, আইএসআই আদিবাসী অঞ্চলে জঙ্গিদের সঙ্গে সম্পর্ক রক্ষা করছে। আফগানিস্তানের ওপর নিয়ন্ত্রণ কজায় রাখতেই তারা একাজ করছে।
তাছাড়া আফগানিস্তানের ওপর ভারতের ক্রমবর্ধমান প্রভাব এবং নয়াদিল্লির সঙ্গে কাবুলের হামিদ কারজাই সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও পাকিস্তান সরকার উদ্বিগ্ন।
এছাড়াও নিউ ইয়র্ক টাইমস জানায়, মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন, আফগাস্তিানের ভারতীয় দূতাবাসের হামলা পাকিস্তানের মৌলভি জালালউদ্দিন হাক্কানির দলের সদস্যরা চালিয়েছে। হাক্কানির সঙ্গে আল কায়েদার মিত্রতা রয়েছে এবং তার অনুমতিতেই পাকিস্তানের আদিবাসী অঞ্চলে জঙ্গি সংগঠনটি পুনর্গঠিত হচ্ছে।
তবে আইএসআই কর্মকর্তারা জঙ্গিদের কি ধরনের সহায়তা দিচ্ছে তা নির্দিষ্ট করে মার্কিন কর্মকর্তারা জানাননি বলে পত্রিকাটি জানায়।
পত্রিকাটি জানায়, আফগানিস্তান বিষয়ে অভিজ্ঞ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, "সন্দেহজনক কিছু ব্যাপকভাবে ঘটছে এটি নিশ্চিত করেই বলা যায় বলে আমি মনে করি।"
নিউ ইয়র্ক টাইমস বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে আরও জানায়, আদিবাসী অঞ্চলে আইএসআই'র সঙ্গে জঙ্গিদের যোগসাজশের সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করতে সিআইএ'র এক শীর্ষ কর্মকর্তা পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের মোকাবেলা করতে ইসলামাবাদ সফর করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ ১২২০ ঘ.
bdnews24