ইসলামাবাদ, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাঁচ বছরের মাথায় যুদ্ধবিরতি ভেঙে কাশ্মির সীমান্তে পাকিস্তান ও ভারতের সেনাবাহিনীর মধ্যে টানা ১৬ ঘন্টা বন্দুকযুদ্ধের ঘটনায় ক্ষতিগ্রস্ত হবে দু' দেশের শান্তি প্রক্রিয়া। বুধবার এমন আশঙ্কার কথাই বললেন পাকিস্তান সেনাবাহিনীর সাবেক জেনারেল ও বর্তমান নিরাপত্তা বিশ্লেষক তালাত মাসুদ।
ভারতীয় সেনা কর্তৃপক্ষের দাবি, সোমবার পাকিস্তানি সেনারা ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে ঢুকে এক ভারতীয় সেনাকে গুলি করে হত্যার পর প্রায় টানা ১৬ ঘন্টা দুপক্ষে বন্দুকযুদ্ধ হয়। এতে ভারতীয় সেনাদের হাতে ৪ পাকিস্তানি সেনা নিহত হয়। ২০০৩ সালের পর এটিই দুপক্ষের মধ্যে বড় ধরনের বন্দুকযুদ্ধ।
এ ঘটনায় দুপক্ষ যথারীতি একে অপরকে দোষারোপ করেছে।
ভারত ও পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তারা মঙ্গলবার নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা প্রশমনের লক্ষ্যে বৈঠক করেছেন। ভারতের সেনা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল একে মথুর একথা বলেন।
ওদিকে, তালাত মাসুদ বলেন, "যুদ্ধবিরতির এই লঙ্ঘন যদি আগের মতোই চলতে থাকে তাহলে শান্তি প্রক্রিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। "
গত সপ্তাহেই ভারত শান্তিপ্রক্রিয়ায় টানাপোড়েন চলছে বলে জানায়। আফগানিস্তানের ভারতীয় দূতাবাসে আত্মঘাতী গাড়িবোমা হামলার পরপরই নয়াদিল্লিতে দুপক্ষের বৈঠক শেষে ভারত ওই মন্তব্য করে।
কাবুলে ভারতীয় দূতাবাসে হামলার জন্য আফগানিস্তান ও ভারত উভয়ই পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে দোষারোপ করেছে। ওই হামলায় ৫৮ জন মানুষ নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০১ঘ.
bdnews24