জেনেভা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নতুন বিশ্ব বাণিজ্য চুক্তির লক্ষ্যে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিওটিও) প্রলম্বিত আলোচনা মঙ্গলবার ভেঙে গেল। দরিদ্র কৃষকদের ভর্তুকি দেওয়া নিয়ে ভারত-যুক্তরাষ্ট্রের মতপার্থক্যের কারণে লাগাতার নয়দিন ধরে চলা ওই আলোচনা এ বিষয়ে কোনও সিদ্ধান্ত ছাড়াই শেষমেষ ভেঙে যায়। (আরও তথ্যসহ)
আমদানি নিয়ন্ত্রণের একটি কারিগরি পদক্ষেপের কারণে নবম দিনের মাথায় বিশ্ব বাণিজ্য উদারীকরণ আলোচনা মুখ থুবড়ে পড়ায় বিস্ময় প্রকাশ করেছেন আলোচনায় অংশ নেওয়া অন্যান্য দেশের নেতারা।
আলোচনা ভেঙ্গে যাওয়ার পর ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী চেলসো আমোরিম বলেন, "অন্য গ্রহ থেকে কেউ আসলে এটা বিশ্বাস করতে পারবেন না যে, এই পরিমাণ অগ্রগতির পরও আমরা কোনো সমাপ্তিতে পৌঁছতে পারলাম না"।
ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য বিষয়ক কমিশনার পিটার ম্যান্ডেলসন খানিকটা আবেগাপ্লুত হয়েই সাংবাদিকদের বলেন, "এটা খুব বেদনাদায়ক ব্যর্থতা এবং বিশ্ব অর্থনীতির জন্য সত্যিকারের পিছু হটা, বিশেষত এমন এক সময়ে যখন এ পৃথিবীর ভাল সংবাদ খুবই দরকার"।
২০০১ সালে কাতারের রাজধানী দোহায় বিশ্ব বাণিজ্য সংস্থার আলোচনা ভেঙে যাওয়ার প্রায় সাত বছরে অনেক বৈঠক হলেও কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি তাতে।
এবার জেনেভার আলোচনাকে ঘিরে খুবই আশাবাদী হয়ে উঠেছিল সবাই। বিশেষত প্রথম কয়েকদিনের অগ্রগতি ছিল অত্যন্ত আশাব্যঞ্জক। ডব্লিউটিও'র গুরুত্বপূর্ণ ৩৫ টি দেশ ওই আলোচনায় অংশ নেয়।
তবে, আলোচনা ভেঙ্গে গেলেও একেবারে নিরাশ নন ডব্লিউটিও'র প্রধান পাসক্যাল লামি। তিনি জানান, মন্ত্রীরা তাকে আবারও শিগগিরই বৈঠক শুরুর কথা জানিয়েছেন এবং এতে তিনিও আশাবাদী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৩২৩ ঘ.
bdnews24