২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ান্তানামোর বিচারে ৯/১১ হামলার ভিডিও চিত্র

গুয়ান্তানামো যুদ্ধাপরাধ আদালতে ওসামা বিন লাদেনের গাড়ি চালক সালিম হামদানের বিচারের সময় সোমবার কৌসুলিরা ৯/১১ হামলা এবং আল-কায়েদা পরিচালিত অন্যান্য হামলার ভিডিও চিত্র প্রকাশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2008, 08:47 AM

Updated : 26 Aug 2022, 02:10 PM

গুয়ান্তানামো উপসাগর মার্কিন নৌ ঘাঁটি, কিউবা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গুয়ান্তানামো যুদ্ধাপরাধ আদালতে ওসামা বিন লাদেনের গাড়ি চালক সালিম হামদানের বিচারের সময় সোমবার কৌসুলিরা ৯/১১ হামলা এবং আল-কায়েদা পরিচালিত অন্যান্য হামলার ভিডিও চিত্র প্রকাশ করেছেন। অস্কার বিজয়ী পরিচালক জর্জ স্টিভেন্সের 'দ্য নাৎসি প্লান' ডকুমেন্টারির আদলে তৈরী করা ভিডিও চিত্রটির নাম 'দ্য আল-কায়েদা প্ল্যান'। স্টিভেন্স তার ভিডিও চিত্রটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নুরেমবার্গ যুদ্ধাপরাধ বিচারের সাক্ষ্য হিসেবে নির্মাণ করেছিলেন। গুয়ান্তানামোর ভিডিও চিত্রটিতে দেখা গেছে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর লোকজন ভীড় করে দাঁড়িয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার টুইন টাওয়ারের ধ্বসে পড়া দেখছে। আর বারবারই শোনা যাচ্ছে তাদের আর্তস্বর "হায় ঈশ্বর","হায় ঈশ্বর"। ভিডিও চিত্রটি হাদমানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের ষড়যন্ত্রের বিচার কাজে সাক্ষ্য হিসেবে দেখানো হয়েছে। গুয়ান্তানামো যুদ্ধাপরাধ আদালতের ছয় সদস্য বিশিষ্ট কমিশন এই ভিডিও চিত্রসহ আফ্রিকার দুটি মার্কিন দূতাবাস ও সোমালিয়ায় একজন মার্কিন সেনার লাশ রাস্তা দিয়ে টেনে নিয়ে যাওয়ার ফুটেজও দেখেছেন। ৯০ মিনিট দৈর্ঘ্যের এই ভিডিও চিত্রটি মার্কিন সেনা কমিশন কার্যালয়ের জন্য নির্মাণ করেছেন সন্ত্রাসবাদ বিশেষজ্ঞ ইভান কোলমান। এতে ১৯৮৮ থেকে ২০০১ এর ১১ সেপ্টেম্বর পর্যন্ত আল কায়েদার নানা কার্যক্রম তুলে ধরা হয়েছে। গুয়ান্তানামো যুদ্ধাপরাধ আদালতে সন্দেহভাজন অভিযুক্তদের বিচারের কাজে সহায়তার জন্য ভিডিও চিত্রটি নির্মাণ করা হয়েছে। এজন্য ব্যয় হয়েছে ২৫ হাজার মার্কিন ডলার। সেনা কমিশনের প্রধান কৌসুলি কর্নেল লরেন্স মরিস জানান, গুয়ান্তানামোর অন্য বিচার কাজেও এই ভিডিও চিত্রটি ব্যবহার হতে পারে। তবে ৯/১১ এর ঘটনার পরিকল্পনাকারি হিসেবে অভিযুক্ত খালিদ শেখ মোহাম্মেদ এর বিচারে এটা ব্যবহৃত হবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও তিনি জানান। হামদানের আইনজীবী চার্লস সুইফট অভিযোগ করেছেন এই ভিডিও চিত্র প্রদর্শনের ফলে বিচারকরা প্রভাবিত হয়ে পড়তে পারেন। তিনি আদালতে বলেন, "তারা বিচারকদের ভীত সন্ত্রস্ত্র করার চেষ্টা করছে।" তবে গুয়ান্তানামোর কৌসুলিরা জানান, এই ভিডিও চিত্র আল-কায়েদার প্রশিক্ষণ এবং মতাদর্শ বুঝতে সহায়তা করবে। কৌসুলি ক্লেটন ট্রিভেট বলেন, "এটা মামলার শুনানির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৪৩২ ঘ.