ইস্তাম্বুল, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুলে রোববার দুটি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৭ জন নিহত এবং ১৫০ জন আহত হয়েছেন। দেশটির ক্ষমতাসীন একে পার্টিকে নিষিদ্ধ করা সংক্রান্ত মামলার শুনানির আগেরদিন এ বিস্ফোরণের ঘটনা ঘটল। বিস্ফোরণের পর সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান।
বিস্ফোরণস্থলে স্থানীয় অধিবাসীদের উদ্দেশে তিনি বলেন, "আমরা ৩০ থেকে ৩৫ বছর ধরে সন্ত্রাসের বিরুদ্ধে লড়ে আসছি। এ যুদ্ধে না জেতা পর্যন্ত লড়াই চলবে। এখন আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকার দিন।"
তিনি আরও বলেন, "একে পার্টি বন্ধ করা হবে কিনা সেটি এ মুহূর্তের সমস্যা নয়, সমস্যা হচ্ছে ঐক্য ধরে রাখা যাতে আমাদের দেশ ভিন্ন পথে চলতে পারে।"
কর্মকর্তারা জানান, প্রচন্ড বিস্ফোরণের শব্দে লোকজন রাস্তায় ছুটে আসে। শহরের একটি ব্যস্ত বিপণি ও খাবারের দোকান এলাকার কাছে একটি বিস্ফোরণ ঘটে। এর মাত্র ৫০ মিটার দূরেই দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। দ্বিতীয় বোমাটি ময়লার স্তুপের মধ্যে লুকিয়ে রাখা ছিল।
ঘটনাস্থল থেকে সিটি গভর্নর মুয়াম্মের গুলার সাংবাদিকদের বলেন, "এটা একটি সন্ত্রাসী হামলা"।
তাৎক্ষণিক ভাবে কেউই হামলার দায় স্বীকার করেনি।
ইস্তাম্বুলের এ বাজার ও খাবারের এলাকাটি খুবই জনপ্রিয়। লোকজন কাজের শেষে কিংবা বিকেলে পরিবার পরিজন নিয়ে এখানে বেড়াতে খেতে আসে।
টেলিভিশন চিত্রে দেখা গেছে, আহতদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। চারপাশে দোকান পাটের জানালার ভাঙ্গা কাঁচ ছড়িয়ে ছিটিয়ে আছে।
তুরস্কের উপপ্রধানমন্ত্রী হায়াতি ইয়াজিচি সাংবাদিকদের বলেন, "প্রথম বোমাটি প্রচন্ড শব্দে বিস্ফোরিত হয় এবং দ্বিতীয় বোমাটি একটি ময়লার ঝুড়ির মধ্যে বিস্ফোরিত হয়েছে।"
একজন প্রত্যক্ষদর্শী জানান "বেশ কয়েকজন লোক ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল। বিস্ফোরণের সময় হতাহতদের বিচ্ছিন্ন হাত, মাথা শূন্যে উঠে যেতে দেখেছি।"
দেশটির প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুল এক বিবৃতিতে জানান, "যারা এই হামলা চালিয়েছে আমি তাদের নিন্দা জানাচ্ছি। যারা নারী, পুরুষ, শিশু নির্বিশেষে সবার ওপরে নিষ্ঠুর হামলা চালায় এই হামলায় সেই সন্ত্রাসবাদের বর্বরতা ও সহিংসতার অমানবিক চেহারা স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। "
এর আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বেসির আটালি 'সিএনএন টার্ক' টেলিভিশনকে বলেন, কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন এবং আরও ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। পরে আহত আরও দুইজন মারা যান।
তুরস্কের সংবাদপত্র জামান এক প্রতিবেদনে জানায়, বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য পদপ্রার্থী তুরস্কের রাজনৈতিক এবং অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে দেশটির ক্ষমতাসীন একে পার্টিকে নিষিদ্ধ করার জন্য মামলা শুরু হয়েছে। একে পার্টির বিরুদ্ধে অভিযোগ দলটি সংবিধানে থাকা ধর্মনিরপেক্ষতার নীতিকে লংঘন করে ইসলামিক কর্মান্ডের সঙ্গে জড়িত। তবে তারা এ অভিযোগ অস্বীকার করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/এলকিউ/২০২০ ঘ.
bdnews24