২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেন ও রোমানিয়ায় ভয়াবহ বন্যা, ১৭ জন নিহত

ইউক্রেনের পশ্চিমাঞ্চল ও রোমানিয়ায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে ইতোমধ্যে ইউক্রেনে ১৩ জন এবং রোমানিয়ায় ৪ জন মারা গেছে। ইউক্রেনের এক কর্মকর্তা এই বন্যাকে শতাব্দির সবচেয়ে ভয়াবহ বন্যা বলে অভিহিত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2008, 04:18 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

কিয়েভ, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউক্রেনের পশ্চিমাঞ্চল ও রোমানিয়ায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে ইতোমধ্যে ইউক্রেনে ১৩ জন এবং রোমানিয়ায় ৪ জন মারা গেছে। ইউক্রেনের এক কর্মকর্তা এই বন্যাকে শতাব্দির সবচেয়ে ভয়াবহ বন্যা বলে অভিহিত করেছেন। ইউক্রেনের ইমার্জেন্সি মন্ত্রণালয় জানিয়েছে, টানা পাঁচ দিনে বৃষ্টিতে প্র"ট ও ডেন্সটার নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় এ পর্যন্ত ২০ হাজার ঘরবাড়ি ভেসে গেছে এবং সাত হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। অনেককে নৌকা বা হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত পাঁচ শিশুসহ ১৩ জন প্রাণ হারিয়েছে এবং আরও দুজন নিখোঁজ হয়েছে। ইউক্রেনের ফার্স্ট ডেপুটি চেয়ারম্যান ওলেকাসেন্দার তুরসিনভ বলেন, "অবস্থা খুবই ভয়াবহ। গত ১০০ বছরে ইউক্রেনে এমন বন্যা হয়নি।" তিনি জানান, বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে ২০০৮ সালের বাজেটে অতিরিক্ত অর্থ বরাদ্দ করতে হবে। দুর্গত এলাকার দুই-তৃতীয়াংশ ফসল নষ্ট হয়ে গেছে। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইভানো-ফ্রাঙ্কিভেস্ক এলাকা সফর করেছেন প্রেসিডেন্ট ভিক্টর ইউশেঙ্কো। এছাড়া প্রধানমন্ত্রী ইউলিয়া টাইমোশেঙ্কোও বন্যাদুর্গত এলাকা সফর করছেন। রোমানিয়ায় উত্তর-পূর্বাঞ্চলীয় মারামুরেস এলাকায় বন্যার পানির তোড়ে একটি ঘর ভেঙে পড়লে এক শিশুসহ চারজন নিহত হয়। এছাড়া নিখোঁজ হয়েছে আরও দুজন। রোমানিয়ায় বন্যায় এ পর্যন্ত দুই হাজারের বেশি ঘরবাড়ি ও ১৯ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এছাড়া দুর্গত এলাকা থেকে প্রায় ৯ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২০৫ ঘ.