লন্ডন, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাবেক আন্তর্জাতিক শান্তি পর্যবেক্ষক পেডি অ্যাশডাউন জানিয়েছেন, ১৯৯২-৯৫ সালের যুদ্ধের পর বর্তমান সময়ে বিভক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে বসনিয়া। বিভক্তি রোধ করতে ইউরোপীয় ইউনিয়নকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে তিনি জানিয়েছেন।
মুসলিম ক্রোয়েশিয়া ফেডারেশন ও সার্ব রিপাবলিক নিয়ে গঠিত বসনিয়ায় বিচ্ছিন্নতাবদী সামন্তরাল প্রতিষ্ঠান গড়ে উঠেছে বলে জানিয়েছেন অ্যাশডাউন।
রোববার প্রকাশিত 'দ্য অবজারভার' পত্রিকায় এক নিবন্ধে তিনি বলেন, "রাদোভান কারাদজিচকে অবশেষে গ্রেপ্তার করে হেগের আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে নেওয়া হচেছ। কিন্তু বসনিয়াকে বিভক্ত করতে তার স্বপ্ন এখন আগের যে কোনো সময়ের থেকে অনেক সম্ভবপর হয়ে উঠেছে।"
প্রায় ১১ বছর পালিয়ে বেড়ানোর পর চলতি সপ্তাহের প্রথম দিকে বেলগ্রেড থেকে কারাদজিচকে গ্রেপ্তার করা হয়।
বসনিয়ার মুসলিম ক্রোয়েশিয়া ফেডারেশন ও সার্ব রিপাবলিক আলাদা আলাদা পুলিশ বাহিনী চালাচ্ছে। এই দুই বাহিনীকে একত্রিত বসনিয়ার পার্লামেন্টে গত এপ্রিলে একটি আইন পাস হয়েছে। কিন্তু ৪ বছর ধরে বিতর্কের পর মূল পরিকল্পনাটি ভেস্তে যায়। ফলে একত্রীকরণের এই পদক্ষেপ হবে নিতান্তই লোক দেখানো।
অ্যাশডাউন জানিয়েছেন, সার্ব রিপাবলিকের প্রধানমন্ত্রী মিলর্ড দোডিক আগ্রাসী হয়ে গত এক দশকের সংস্কার কর্মসূচি উল্টে দিচ্ছেন। এ প্রক্রিয়ায় তিনি ডেটন শান্তি চুক্তিতে দেওয়া সায়ত্ত্বশাসনের অধিকারকে কাজে লাগিয়েছেন। ডেটন চুক্তির মাধ্যমেই বসনিয়া যুদ্ধের সমাপ্তি হয়েছিল।
২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত বসনিয়ায় পশ্চিমা বিশ্বের প্রতিনিধিত্ব করা অ্যাশডাউন জানিয়েছেন, বসনিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ চায়। তাদের এই আকাঙ্খাকে কাজে লাগিয়ে সংস্কারের জন্য তাদের ওপর চাপ প্রয়োগ কতে পারে ইইউ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯০৫ ঘ.
bdnews24