ওয়াশিংটন, জুলাই, ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাক থেকে ৫ টি কমব্যাট ব্রিগেড প্রত্যাহার শেষ হওয়ার পর এখন সেখান থেকে অবশিষ্ট মার্কিন সেনা পুরোপুরি মাঠ পর্যায়ের পরিস্থিতির ভিত্তিতেই প্রত্যাহার করা হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী বারাক ওবামা 'নিউজউইক' এর সঙ্গে এক সাক্ষাৎকারে একথা বলেছেন। সাক্ষাৎকারটি শনিবার প্রকাশ করা হয়।
ওবামা বলেন, "ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকি স্বীকার করেছেন যে, ইরাকের আরও কিছুদিন আমাদের সাহায্য প্রয়োজন। আমরা তাদেরকে গোয়েন্দা ও অন্যান্য সামরিক সহায়তা দেব। এতে করে আমরা খুবই শক্তিশালী এবং দক্ষ সন্ত্রাসী বিরোধী বাহিনী গড়ে তুলতে পারব।" প্যারিস সফরকালে নিউজউইক ম্যাগাজিনে ওবামা একথা বলেন।
ওবামা আরও বলেন, আমরা তাদেরকে আরও সক্ষম করতে তাদের সেনা ও পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেব। এই প্রশিক্ষণ দিয়ে সেনা ফিরিয়ে নিতে ১৬ মাস সময় দরকার হবে। ফলে ১৬ মাসের মধ্যে ইরাক থেকে সেনা ফেরানোর যে প্রস্তাব তিনি দিয়েছিলেন তা ঠিকই আছে বলে দাবি করেন তিনি।
এ কাজের জন্য কত সেনা ইরাকে থাকার প্রয়োজন পড়বে জিজ্ঞেস করা হলে ওবামা বলেন, এটি পুরোপুরি পরিস্থিতির ওপর নির্ভর করছে। তিনি বলেন, এখন থেকে ছয় মাস নাকি এক বছর না দেড় বছর ইরাকে সেনা থাকবে তা আন্দাজ করা মুশকিল।
একথা বলার মধ্য দিয়ে ওবামা তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জন ম্যাককেইনের দৃষ্টিকোণই সমর্থন করলেন বলে দাবি করেছে ম্যাককেইন শিবির। ম্যাককেইনের মুখপাত্র তাকের বাউন্ডস বলেন, " ওবামা আসলে ইরাকের পরিস্থিতি ও নিরাপত্তার কথা বিবেচনা করেই সেনা প্রত্যাহারের হিসাব নিকাশ করছেন--- যে চিন্তা-ভাবনা ম্যাককেই অনেক আগে থেকেই করে আসছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩৯ ঘ.
bdnews24