ব্যাঙ্গালোর, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের ব্যাঙ্গালোরে শুক্রবার কয়েক মিনিটের ব্যাবধানে আটটি বোমা বিস্ফোরিত হয়েছে। এতে এক মহিলা নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।
একটি বিস্ফোরণস্থলে উপস্থিত ব্যাঙ্গালোরের পুলিশ কমিশনার শংকর বিদারী সাংবাদিকদের বলেন, "সবগুলোই টাইম বোমা। তবে বোমাগুলো ততটা শক্তিশালী নয়। এগুলোতে একটি বা দুটি গ্রেনেডের সমান বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।"
ব্যাঙ্গালোর তথ্যপ্রযুক্তি শিল্পের বিশেষ করে ভারতের সফটওয়্যার শিল্পের অন্যতম কেন্দ্র। এখানে প্রায় দেড় হাজার সফটওয়্যার ফার্ম আছে।
বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়লে শিল্প-কারখানার পাশাপাশি অনেক স্কুল-কলেজ, সিনেমা হল ও দোকানপাট বন্ধ হয়ে যায় । এ সময় ওই এলাকার টেলিফোন নেটওয়ার্কে জ্যাম সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী অরুণ দানিয়েল সিএনএন-আইবিএন টেলিভিশনকে বলেন, "অফিসে যাওয়ার পথে হঠাৎ হৈচৈ শুনতে পেলাম। মনে হল ভারী কিছু একটা ভেঙে পড়ল। সঙ্গে সঙ্গে রাস্তাঘাট বন্ধ হয়ে গেল। মানুষ দৌড়াদৌড়ি শুরু করল। তবে বিস্ফোরণটা তেমন শক্তিশালী নয়।"
স্থানীয় টেলিভিশনে দেখানো হয়, দোকানপাটের দরজা-জানালা ভেঙে গেছে। মেঝেতে গর্ত হয়ে গেছে এবং ধ্বংসস্তুপ চারিদিকে ছড়িয়ে আছে।
ব্যাঙ্গালোরের অতিরিক্ত পুলিশ কমিশনার এম আর পূজার জানিয়েছেন, বিস্ফোরণে কাঁচা বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা হয়েছে।
তিনি রয়টার্সকে বলেন, "আটটি বোমা বিস্ফোরিত হয়েছে। তবে সেগুলো তেমন শক্তিশালী নয়। বিস্ফোরণগুলো ঘটেছে জনবহুল এলাকায়। এতে একজন নিহত ও ১৫-২০ জন আহত হয়েছে।
এর মধ্যে একটি বোমা বিস্ফোরিত হয় একটি বাসস্ট্যান্ডের পেছনে। সেখানে মহিলাটি নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২১০০ ঘ.
bdnews24