২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে প্রতিবাদী প্রচারাভিযানে নতুন বিরোধীদলীয় জোট

ভারতের বামপন্থি দল ও অন্য কয়েকটি বিরোধীদল একযোগে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং সরকারের বিতর্কিত বেসামরিক পরমাণু চুক্তির প্রতিবাদে প্রচারাভিযান শুরু করেছে। সরকারের বামপন্থী চারটি সাবেক শরিকদল ও ছয়টি আঞ্চলিক দল নিয়ে নতুন এই জোট গঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2008, 10:14 AM

Updated : 26 Aug 2022, 02:09 PM

নয়াদিল্লি, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের বামপন্থি দল ও অন্য কয়েকটি বিরোধীদল একযোগে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং সরকারের বিতর্কিত বেসামরিক পরমাণু চুক্তির প্রতিবাদে প্রচারাভিযান শুরু করেছে। সরকারের বামপন্থী চারটি সাবেক শরিকদল ও ছয়টি আঞ্চলিক দল নিয়ে নতুন এই জোট গঠিত হয়েছে। জোটের আঞ্চলিক দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে,উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতীর নেতৃত্বাধীন বহুজন সমাজবাদী পার্টি বা (বিএসপি)। মায়াবতী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাময়ী দলিত নেত্রী। তাদের অভিযোগ, আস্থাভোটে সরকারের জয় ক্রুটিপূর্ণ। বামপন্থী দল সিপিআইএম এই অভিযোগে স্পিকার সোমনাথ চ্যাটার্জিকে দল থেকে বহিস্কারও করেছে। আস্থাভোট সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে মায়াবতী বলেছেন, "সরকার যেভাবে টিকে গেল তা গণতন্ত্রের জন্য বিরাট ক্ষতি।" যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তির প্রতিবাদে বামদলগুলো সমর্থন প্রত্যাহার করে নিলে কংগ্রেস নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রিয় সরকার আস্থা ভোটের মুখে পড়ে। তবে ওই আস্থাভোটে টিকে গেছে মনমোহন সরকার। আস্থাভোটে সরকার হেরে গেলে আগাম নির্বাচন দিতে হত এবং অনিশ্চিত হয়ে পড়ত পরমাণু চুক্তির ভবিষ্যৎ। সংবাদদাতারা বলছেন, বহু রাজনীতিবিদই আস্থাভোট বিতর্ককে আগামী বছরের প্রথমার্ধে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের প্রচারাভিযান শুরুর কাজে লাগাচ্ছেন। 'কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সিস্ট)'-সিপিআই-এম এর মহাসচিব প্রকাশ কারট বলেন, "বিভিন্ন ইস্যু জনগণের সামনে তুলে ধরার জন্য সব রাজনৈতিক দলগুলো জাতীয় পর্যায়ে একযোগে প্রচারাভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে।" দলগুলো জানিয়েছে, তারা দেশের মুদ্রাস্ফীতি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের বেসামরিক পরমাণু চুক্তি এবং কৃষকদেও আত্মহত্যা ইস্যুগুলো নিয়ে প্রচারাভিযান চালাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪৪০ ঘ.