হুস্টন, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হারিকেন ডলি বুধবার শক্তিশালী হয়ে দক্ষিণ টেক্সাসের দিকে ধেয়ে যাচ্ছে। দিনের মধ্যভাগে ভারী বর্ষণসহ যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের নিচু এলাকায় আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়।
আটলান্টিক উপকূলে চলতি বছরে এটি দ্বিতীয় হারিকেন। মেক্সিকো উপসাগরের উষ্ণস্রোতে শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় কেন্দ্রে এখন ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে বাতাস বইছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ডলি বর্তমানে ক্যাটাগরি ১ মাত্রার হারিকেন। শক্তির দিক দিয়ে এটা সর্বনিন্ম স্তরে। তবে উপকূলে আঘাত হানার সময় এটি দ্বিতীয় মাত্রায় রূপ নিতে পারে। তখন এর গতিবেগ দাঁড়াবে ঘণ্টায় ১৫৪ কিলোমিটারের বেশি।
টেক্সাসের দক্ষিণ উপকূলে হারিকেন সতর্কতা জারি করেছে এনএইচসি।
স্থানীয় সময় সকাল সাতটা নাগাদ ডলি টেক্সাসের সীমান্তবর্তী শহর ব্রাউনসভিল থেকে ৫৫ মাইল পূর্বে অবস্থান করছিল এবং ঘণ্টায় ৮ মাইল বেগে উপকূলের দিকে অগ্রসর হচেছ। এই হারে অগ্রসর হতে থাকলে দিনের মধ্যভাগ নাগাদ তা উপকূলে আঘাত হানতে পারে।
এনএইচসি জানিয়েছে, ডলির প্রভাবে আগামী কয়েকদিনে দক্ষিণ টেক্সাস ও মেক্সিকোর উত্তরপূর্বাঞ্চলে ১৫ ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে।
টেক্সাসের কর্মকর্তারা আশঙ্কা করছেন, ভারী বর্ষণের ফলে রিও গ্রান্ডি নদীর পানি বিপদসীমা অতিক্রম করে বন্যা দেখা দিতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৪৩ ঘ.
bdnews24