লেবানন ইসরায়েল সীমান্ত, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - লেবানন যুদ্ধে আটক ও নিহত দুই ইসরায়েলি সেনার দেহাবশেষ বুধবার হস্তান্তর করেছে লেবননের গেরিলা গ্র"প হিযবুল্লাহ। ইসরায়েল-হিযবুল্লাহ বন্দিবিনিময় চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে বুধবার সীমান্ত এলাকায় আন্তর্জাতিক রেডক্রসের কাছে দুটি কফিনে করে ওই দেহাবশেষ হস্তান্তর করা হয়। বিনিময়ে ইসরায়েলের হাতে আটক শীর্ষ হিযবুল্লাহ বন্দিদের মুক্তি দেওয়া হবে। (আরও তথ্যসহ)
হিযবুল্লাহ সমর্থিত আল-মানার টেলিভিশনে দেখা গেছে, হিযবুল্লাহর নিরাপত্তা কর্মকর্তা ওয়াফি সাফা এই প্রথম স্বীকার করলেন ইসরায়েলি দুই বন্দি সেনা নিহত হয়েছেন। এর পরেই একটি গাড়ি থেকে কালো রঙের দুটি কফিন নামাতে দেখা যায়।
ওই দুই ইসরায়েলি সেনা এহুদ গোল্ডওয়াসের এবং এলদাদ রেগেভ ২০০৬ সালে ইসরায়েল-হিযবুল্লাহ যুদ্ধের সময় হিযবুল্লার হাতে আটক হয়।
ইসরায়েল সীমান্তে সাফা বলেন, "২০০৬ সালের ১২ জুলাই আটক দুই ইসরায়েলি সেনার দেহবাশেষ আন্তর্জাতিক রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে।"
একইসঙ্গে তিনি বলেন, "ইসরায়েলি পক্ষ এখন মহান আরব মুজাহিদ সামির কান্তার এবং তার সহযোগীদের আন্তর্জাতিক রেডক্রসের কাছে হস্তান্তর করবে।"
উল্লেখ্য, জাতিসংঘ নিয়োজিত এক জার্মান গোয়েন্দা কর্মকর্তার মধ্যস্থতায় ইসরায়েল কান্তার এবং আরও চার বন্দিকে মুক্তি দিচ্ছে।
চার বছর বয়সী একটি মেয়ে এবং তার বাবাসহ ৪ ইসরায়েলিকে হত্যার অভিযোগে কান্তার ইসরায়েলের কারাগারে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন। ১৯৭৯ সালে একটি ফিলিস্তিনি গেরিলা দল ইসরায়েলে হামলা চালানোর সময় ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
আন্তর্জাতিক রেডক্রস সংস্থা ইসরায়েলি সেনাদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ইসরায়েল সীমান্তে বসেই কফিনে রাখা ওই দেহাবশেষ দুটির ডিএনএ পরীক্ষা করেছে।
এই বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে আটক পাঁচ হিযবুল্লাহ গেরিলার মুক্তি ছাড়াও অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে ইসরায়েলি সেনাদের হাতে নিহত প্রায় ২০০ আরবের মৃতদেহ হস্তান্তর করবে ইসরায়েল। একইভাবে হিযবুল্লাহর সঙ্গে যুদ্ধে দক্ষিণ লেবাননে নিহত ইসরায়েলি সেনাদের মৃতদেহ হস্তান্তর করবে হিযবুল্লাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমডি/১৫৪০ ঘ.
bdnews24