উলান বাতোর, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নির্বাচনে জালিয়াতির অভিযোগে পুলিশের সঙ্গে বিক্ষোভকারিদের সংঘর্ষের পর শান্ত হয়ে এসেছে মঙ্গোলিয়ার পরিস্থিতি। তবে এখনও পর্যন্ত নির্বাচনের সরকারি ফলাফল ঘোষণা করা হয়নি। নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে মঙ্গলবার পাঁচজন নিহত হয়েছে।
রাজধানী উলান বাতোর কারফিউয়ের কারণে অচল। তবে রাস্তাঘাটে পরিস্থিতি শান্ত হয়ে এসেছে। সংঘর্ষের সময় বিক্ষোভকারিরা ক্ষমতাসীন 'মঙ্গোলিয়ান রেভলুশ্যনারি পার্টি' (এমপিএরপি)-এর সদরদপ্তরে আগুন ধরিয়ে দেয়।
বুধবার রাতে নির্বাচন কমিশন টেলিভিশনে নির্বাচনের প্রাথমিক ফল ঘোষণায় নির্দিষ্ট করে বলেনি কোন দল জয় লাভ করেছে।
তবে রয়টার্সের হিসেব অনুয়ায়ী, পার্লামেন্টের ৭৬টি আসনের মধ্যে ক্ষমতাসীন এমপিআরপি ৪৫টি আসন এবং বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি ২৭ টি আসনে জয়লাভ করেছে। এছাড়া দুইটি আসনের ফলাফল এখনও অঘোষিত রয়েছে এবং অন্যান্য আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছে।
নির্বাচনে জালিয়াতি করা হয়েছে অভিযোগ উঠলেও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, নির্বান অবাধ ও সুষ্ঠু হয়েছে। তবে নির্বাচন কমিশনের নতুন নিয়মের কারণে নির্বাচন প্রক্রিয়ায় এবং ভোট গণনায় কিছু সমস্যা দেখা গেছে।
এর আগে রোববারের নির্বাচনে জালিয়াতি হয়েছে অভিযোগে বিক্ষোভকারিরা পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু করলে এবং ক্ষমতাসীন দলের সদরদপ্তরে আগুন ধরিয়ে দিলে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট নামবারিন এনখাবেয়র জরুরি অবস্থা জারি করেন।
মঙ্গোলিয়ার বিচারমন্ত্রী এক সংবাদ সম্মেলনে জানান, দাঙ্গায় আহতদের মধ্যে একজন জাপানি নাগরিকও রয়েছেন। এছাড়া, সংঘর্ষে জড়িত থাকায় প্রায় ৭শ' বিক্ষোভকারিকে আটক করা হয়েছে।
প্রেসিডেন্ট নামবারি টেলিভিশনে বলেন, "প্রেসিডেন্ট সংবিধান অনুযায়ী...... ১ জুলাই সকাল সাড়ে এগারটা থেকে চার দিনের জরুরি অবস্থা ঘোষণা করছেন।"
জরুরি অবস্থায় সবধরনের বিক্ষোভ নিষিদ্ধ। সরকারি নিরাপত্তা বাহিনী বিক্ষোভ সমাবেশ ভেঙে দিতে পারবে। এছাড়া, জরুরি অবস্থা চলাকালে রাত ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত গুরুত্বপূর্ণ স্থান কারফিউয়ের আওতায় থাকবে। একইসঙ্গে জরুরি অবস্থা চলাকালে অ্যালকোহল বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১২৪৪ ঘ.
bdnews24