২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি মন্ত্রিসভায় হিজবুল্লাহর সঙ্গে বন্দিবিনিময় প্রস্তাব অনুমোদন

২০০৬ সালে অপহৃত দুই সেনাকে উদ্ধারে লেবাননের শিয়া গ্র"প হিজবুল্লাহর সঙ্গে বন্দিবিনিময় প্রক্রিয়া এগিয়ে নেওয়ার প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের প্রস্তাব রোববার ২২-৩ ভোটে অনুমোদন করেছে ইসরায়েলি মন্ত্রিসভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2008, 04:08 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

জেরুজালেম, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ২০০৬ সালে অপহৃত দুই সেনাকে উদ্ধারে লেবাননের শিয়া গ্র"প হিজবুল্লাহর সঙ্গে বন্দিবিনিময় প্রক্রিয়া এগিয়ে নেওয়ার প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের প্রস্তাব রোববার ২২-৩ ভোটে অনুমোদন করেছে ইসরায়েলি মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট সেনারা আর জীবীত নেই বললেও-- দেশের দায়িত্ব পালনের স্বার্থেই তাদের মৃতদেহ ফেরত পাওয়ার বিনিময়ে বন্দিবিনিময় করতে চান। পর্যবেক্ষকরা বলছেন, ইসরায়েল সরকার রোববার প্রথম দুই সেনা এহুদ ওগাল্ডওয়াসের এবং এলদাদ রেগেভের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। ওলমার্টের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, " আমরা জানি তাদের ভাগ্যে কি ঘটেছে।" এহুদ ওলমার্ট বন্দিবিনিময় এগিয়ে নিতে সরকারের সমর্থন চেয়েছিলেন। রোববার মন্ত্রিপরিষদের বৈঠকে ওলমার্টের প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ সমর্থন পায়। ইসরায়েলের সরকারি একটি বিবৃতিতে বলা হয়েছে, বন্দিবিনিময় প্রক্রিয়ায় ইসরায়েল ৫ লেবাননী বন্দুকধারীকে মুক্তি দেবে। রয়টার্সের খবরে বলা হয়েছে, জার্মানদের মধ্যস্থতায় শুরু হওয়া এ বন্দিবিনিময় প্রক্রিয়া নিয়ে ওলমার্ট সরকার এগিয়ে যেতে চায়। কিন্তু শীর্ষ গোয়েন্দারা বলেছেন, হিজবুল্লাহর হাতে অপহৃত দুই ইসরায়েলি সেনা আর জীবিত নেই। তারপরও লেবাননের জীবিত বন্দিদের বিনিময়েও ওই প্রক্রিয়া এগিয়ে নিতে চায় ইসরায়েল। ইসরায়েলের পরিবহন মন্ত্রী শাউল মোফাজ মন্ত্রিপরিষদের সভায় যোগ দেওয়ার আগে সেদেশের রেডিওকে বলেন, "এই দুঃখজনক, হৃদয় বিদারক ঘটনার ইতি টানার একটি সুযোগ পেয়েছি আমরা।" 'জীবিত কিংবা মৃত যে অবস্থাতেই হোক যুদ্ধক্ষেত্র থেকে সেনাদের উদ্ধার করা দেশের দায়িত্ব' এ প্রবাদের প্রতি ইঙ্গিত করে ইসরায়েলের এ সাবেক প্রতিরক্ষামন্ত্রী বলেন, "ইসরায়েল যদি তার সন্তানদের প্রতি নজর না দেয় তাহলে সন্তানরাও আর তার দিকে তাকাবে না।" ইসরায়েলের দুই সেনা এহুদ গোল্ডওয়াসের এবং এলদাদ রেগেভের এর বিনিময়ে লেবাননের পাঁচ গেরিলাকে মুক্তি দিতে এবং ইসরায়েলের হাতে নিহত ১০ লেবাননি অনুপ্রবেশকারীর মৃতদেহ ফেরৎ দিতে রাজি হয়েছে দুইপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/২২০৫ ঘ.