শিকাগো, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা বলেছেন, ভালো উপদেশ বা পরামর্শ দিতে পারেন এমন কাউকেই ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে চান তিনি। ওবামা বলেন, এমন কেউ রানিংমেট হবেন যিনি "আমার ভুল ধরিয়ে দিতে পারবেন।" বুধবার ওবামা একথা বলেন।
ওবামা এখনও একজন ভাইস প্রেসিডেন্ট খুঁজে বের করতে ব্যস্ত। তিনি জানান, সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির মেয়ে ক্যারোলিন কেনেডি এবং সাবেক ডেপুটি এটার্নি জেনারেল এরিক হোল্ডার ভাইস প্রেসিডেন্ট খুঁজে বের করতে তাকে দিকনির্দেশনা দিয়ে সহায়তা করছেন। ওবামা তার প্রচারাভিযানের উপদেষ্টাদের মধ্যে অল্প কয়েকজনের সঙ্গেই এ বিষয়ে পরামর্শ করছেন।
তবে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞই মনে করছেন, ৪৬ বছর বয়সী ইলিনয়ের এই সিনেটর ভাইস প্রেসিডেন্ট হিসেবে এমন একজনকে মনোনীত করবেন যিনি পররাষ্ট্রনীতি নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন এবং যা তাকে নির্বাচনে জয়ী হতে বিশেষ ভূমিকা পালন করবে। নবেম্বরের নির্বাচনে ওবামার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন, রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন।
ওবামা শিকাগোতে এক সংবাদ সম্মেলনে বলেন, "আমি এমন একজনকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে চাই যিনি আমার কিছু হয়ে গেলে প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখেন।" একইসঙ্গে ওবামা বলেন, "আমি এমন একজনকে চাই যিনি একজন ভালো উপদেষ্টা ও পরামর্শদাতা হবেন এবং তার যদি মনে হয় কোনো জায়গায় আমি ভুল করেছি তাও তিনি আমাকে বলবেন, এটি শুধু জাতীয় নিরাপত্তা নীতির ক্ষেত্রে নয়, অভ্যন্তরীণ নীতির ক্ষেত্রেও তিনি আমার ভুল ধরিয়ে দেবেন।"
ভাইস প্রেসিডেন্ট পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে নিউ ইর্য়কের সিনেটর হিলারি ক্লিনটন, ভার্জিনিয়ার সিনেটর জিম ওয়েব, ইন্ডিয়ানার সিনেটর ইভান বেহ এবং ভিয়েতনাম যুদ্ধ ফেরত সেনা সাবেক নৌ-মন্ত্রী কানসাসের গভর্নর ক্যাথলিন সেবিলিয়াসের নাম শোনা যাচ্ছে।
তবে হিলারি ক্লিনটনের সমর্থকরা মনে করছেন, ওবামার উচিত তার রানিংমেট হিসেবে হিলারিকেই মনোনীত করা।
বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/এমডি/এলকিউ/১২৫৪ ঘ.
bdnews24