রোববার জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন সম্ভব নয় জানিয়ে জিম্বাবুয়ের দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিরোধীদলীয় নেতা মর্গান স্যাঙ্গেরাই। রোববার তিনি এই ঘোষণা দিয়ে জিম্বাবুয়েতে 'গণহত্যা' বন্ধে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের হস্তেেপর আহ্বান জানিয়েছেন। আগামী ২৭ জুন নির্বাচন হওয়ার কথা আছে।
মুগাবেপন্থী যুবদলের কর্মীরা বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ'র (এমডিসি) একটি মিছিল পণ্ড করে দেওয়ার কয়েক ঘন্টা পর স্যাঙ্গেরাই হারারেতে এক সংবাদ সম্মেলনে বলেন, "আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ধরনের সহিংস পরিবেশের মধ্যে এমডিসি নির্বাচনে অংশ নেবে না।"
মুগাবেকে মতায় রাখতে এখানে রাষ্ট্রীয় ষড়যন্ত্র চলছে জানিয়ে তিনি বলেন, "আগামী ২৭ জুনের নির্বাচনে জীবনের ঝুঁকি নিয়ে ভোট না দেওয়ার জন্য এমডিসি ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছে।"
চলতি মাসেই নির্বাচনী প্রচারাভিযানের সময় স্যাঙ্গেরাইকে পাঁচ দফায় গ্রেপ্তার করা হয়। প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ঘোষণা দিয়েছেন, এমডিসিকে কখনও জিম্বাবুয়ের রাষ্ট্রীয় মতায় যেতে দেওয়া হবে না।
এমডিসিকে সাবেক ঔপনিবেশিক শক্তি ব্রিটেনের হাতের পুতুল অভিহিত করে মুগাবে জানিয়েছেন, তাদের রুখতে দেশের মুক্তিযোদ্ধারা প্রস্তুত আছেন।
তবে এমডিসি অভিযোগ করেছে, গত ২৭ মার্চের বিতর্কিত নির্বাচনের পর তাদের ৬০ নেতাকর্মীকে হত্যা করেছে মুগাবের জানু-পিএফ পার্টির কর্মীরা। এছাড়া তাদের অত্যাচারে ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে প্রায় দুই লাখ এমডিসি কর্মী-সমর্থককে।
২৭ মার্চের বিতর্কিত নির্বাচনের পর ৮ এপ্রিল থেকে নিরাপত্তার কারণে দেশের বাইরে ছিলেন স্যাঙ্গেরাই। দ্বিতীয় দফায় নির্বাচনে অংশ নিতে গত ২৪ মে দেশে ফেরেন তিনি। এর আগে এমডিসি অভিযোগ করে সেনাবাহিনী তাদের নেতাকে হত্যার ষড়যন্ত্র করছে। এ কারণে তার দেশে ফেরা প্রথম দফায় বাতিলও করা হয়।
এমডিসি অভিযোগ করে আসছে, প্রেসিডেন্ট মুগাবে ও তার দল জানু-পিএফ পার্টি ভোটারদের ভয় দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে।
এমডিসির দাবি, গত ২৯ মার্চের নির্বাচনে তাদের নেতা স্যাঙ্গেরাই একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন।
কিন্তু নির্বাচনের দীর্ঘদিন পর নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী, স্যাঙ্গেরাই পান ৪৭ দশমিক ৯ শতাংশ ভোট এবং মুগাবে পান ৪৩ দশমিক ২ শতাংশ ভোট। কোনো প্রার্থীই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দ্বিতীয় দফায় নির্বাচনের ঘোষণা দেয় নির্বাচন কমিশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২০৩০ ঘ.
bdnews24