২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্য 'অগ্নিকুণ্ডে' পরিণত হবে: এলবারাদি

ইরানে সামরিক হামলা চালালে মধ্যপ্রাচ্য অগ্নিকুণ্ডে পরিণত হবে বলে পশ্চিমা বিশ্বকে সতর্ক করে দিয়েছে জাতিসংঘের আন্তর্জার্তিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান মোহামদ এলবারাদি। ইরানে হামলার প্রস্তুতি হিসেবে ইসরায়েল চলতি মাসে সামরিক মহড়া চালিয়েছে বলে 'নিউ ইয়র্ক টাইমস'র খবরের পর তিনি এ কথা জানালেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2008, 12:30 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

দুবাই, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানে সামরিক হামলা চালালে মধ্যপ্রাচ্য অগ্নিকুণ্ডে পরিণত হবে বলে পশ্চিমা বিশ্বকে সতর্ক করে দিয়েছে জাতিসংঘের আন্তর্জার্তিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান মোহামদ এলবারাদি। ইরানে হামলার প্রস্তুতি হিসেবে ইসরায়েল চলতি মাসে সামরিক মহড়া চালিয়েছে বলে 'নিউ ইয়র্ক টাইমস'র খবরের পর তিনি এ কথা জানালেন। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস গত শুক্রবার জানায় ইসরায়েল এ মাসে ভূমধ্যসাগরে বড় ধরনের সমরিক মহড়া চালিয়েছে। ইরানের পরমাণু স্থাপনায় সম্ভাব্য বোমা হামলার প্রস্তুতি হিসেবেই ইসরায়েল এ মহড়া চালিয়েছে বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা। আল অ্যারাবিয়া টেলিভিশনকে শুক্রবার এক সাক্ষাৎকারে এলবারাদি বলেন, "আমার মতে ইরানে সামরিক হামলার মতো ভয়াবহ আর কিছু হতে পারে না। এতে পুরো মধ্যপ্রাচ্য অগ্নিকুণ্ডে পরিণত হবে।" ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা হলে তাতে করে দেশটি পশ্চিমা বিশ্বের মোকাবেলায় পরমাণু অস্ত্র তৈরিতে আরও বদ্ধপরিকর হবে বলে তিনি জানান। আইএইএ প্রধান বলেন, "ইরান এখনও যদি পরমাণু অস্ত্র নাও তৈরি করে থাকে তবে সেখানে হামলা হলে তারা জনগণের বিপুল সমর্থন নিয়ে সে কাজে ঝাপিয়ে পড়বে।" তিনি আরও বলেন, "এই মূহুর্তে ইরানে হামলা হলে আমার দায়িত্ব পালনও অসম্ভব হয়ে যাবে।" পরিচয় প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস পত্রিকা শুক্রবার জানায়, "জুনের প্রথম সপ্তাহে ইসরায়েলের প্রায় ১০০ টি এফ-১৬ ও এফ-১৫ জঙ্গি বিমান পূর্ব ভূমধ্যসাগর ও গ্রিসে ওই মহড়ায় অংশ নেয়।" পত্রিকায় বলা হয়েছে, "মহড়ার ধরণ দেখে মনে হচ্ছে, ইসরায়েল দূর-পাল্লার হামলা চালানোর কৌশল আয়ত্ব করার চেষ্টা করছে। আর ইরানের পরমাণু কর্মসূচিকে ইসরায়েল কতটা হুমকি হিসেবে নিয়েছে, এ মহড়া থেকেই তা স্পষ্ট।" ইসরায়েলের কর্মকর্তারা এই মহড়া সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি বলে জানিয়েছে পত্রিকাটি। তবে টাইমস জানায়, ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র কেবল এটুকুই বলেছেন যে, ইসরায়েল যে সমস্ত হুমকির মুখে রয়েছে তা মোকাবেলায় তাদের বিমান বাহিনী নিয়মিত প্রশিক্ষণ নেয়। কিন্তু মহড়া সম্পর্কে পেন্টাগনের এক কর্মকর্তার ব্রিফিং তুলে ধরে টাইমস জানায়, এর একটা উদ্দেশ্য হল ইরানের পরমাণু স্থপনাগুলোতে সম্ভাব্য হামলা চালানোর জন্য উড্ডয়ন কৌশলসহ আরও নানারকম কলাকৌশল এবং দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র ছুঁড়তে শেখা। পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, মহড়ার ২য় লক্ষ্য হচ্ছে, ইরানকে এই বার্তা দেওয়া যে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধের চেষ্টা ব্যর্থ হলে ইরানে সেনাশক্তি ব্যবহার করতে ইসরায়েল প্রস্তুত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮২০ ঘ.