২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সরকার পতনের দাবিতে সরকারি কার্যালয়গুলোর সামনে জড়ো হয়েছে হাজার হাজার বিক্ষোভকারী। ওদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও রুখতে জলকামান ও কাঁদানে গ্যাস নিয়ে প্রস্তুত হয়ে আছে অসংখ্য পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2008, 11:48 AM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ব্যাংকক, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সরকার পতনের দাবিতে সরকারি কার্যালয়গুলোর সামনে জড়ো হয়েছে হাজার হাজার বিক্ষোভকারী। ওদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও রুখতে জলকামান ও কাঁদানে গ্যাস নিয়ে প্রস্তুত হয়ে আছে অসংখ্য পুলিশ। ব্যবসায়ী, পেশাজীবী ও সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার অনুগতদের নেতৃত্বাধীন জোট পিপুলস অ্যালায়েন্স ফর ডেমোক্র্যাসি (পিএডি) জানিয়েছে, তাদের আহ্বানে 'ডি ডে' সমাবেশে হাজার হাজার মানুষ যোগ দেবে। তবে পুলিশ ধারণা করছে, শুক্রবাররের সমাবেশে ১৪ হাজারের মতো বিক্ষোভকারী অংশ নিতে পারে। কিন্তু তারা জানিয়েছে, সমাবেশ রুখতে শক্তি প্রয়োগের প্রয়োজন হলেও তারা প্রস্তুত আছে। ব্যাংককের মেট্রোপলিটন পুলিশ প্রধান লে. জেনারেল আসউইন কানমুয়াং প্রধানমন্ত্রীর কার্যালয় গভার্নমেন্ট হাউস ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করার জন্য পিএডি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী সামাকের পদত্যাগ দাবিতে গত মাস থেকে পিএডি এই প্রতিবাদ বিক্ষোভ শুরু করেছে। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ২০০৬ সালে সিনাওয়াত্রা ক্ষমতাচ্যুত হওয়ার আগেও পিএডি এবারের মতো বিক্ষোভ সমাবেশ করেছিল। সেবারও ছোটো আকারে বিক্ষোভ শুরু হলেও খুব দ্রুত সেটি বিশাল আকার ধারণ করে। সেনাবাহিনীর হস্তক্ষেপের আগে প্রায় এক লাখ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিল। আসউইন কানমুয়াং বলেন, "দেশকে আবারও ধ্বংসের মুখে ঠেলে না দেওয়ার জন্য আমরা পিএডি'র প্রতি আহ্বান জানিয়েছি। রাজনৈতিক সমস্যার সমাধান পার্লামেন্টেই হওয়া উচিৎ।" প্রধানমন্ত্রীর কার্যালয় গভর্নমেন্ট হাউসের ঢোকার আটটি পথে ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছে হাজার হাজার পুলিশ। সেখানে প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও প্রিজনভ্যান। আশপাশের গাছের বা ভবনের ছায়ায় প্রস্তুতি নিচ্ছে দাঙ্গা পুলিশ। তারা সেখানে জুডো অনুশীলন ও গ্যাসমাস্ক পরার চেষ্টা করছে। পিএডি শান্তিপূর্ণ কর্মসূচির ঘোষণা দিলেও তাদের অনেক ক্যাডারের হাতে বেসবল ব্যাট, মাথায় প্লাস্টিকের হেলমেট ও লাটিসোটাসহ দেখা গেছে। পিএডি'র এক নেতা জানিয়েছেন, সরকার সমর্থকদের হামলা প্রতিরোধের প্রস্তুতি স্বরূপ এই সমস্ত ক্যাডারদের প্রস্তুত রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭১০ ঘ.