২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশাররফকে শিগগিরি সরানো হবে: জারদারি

পাকিস্তানের ক্ষমতাসীন দল খুব শিগগিরি প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে সরিয়ে নিজ দলের একজন প্রার্থীকে তার স্থলাভিষিক্ত করবে। পাকিস্তান পিপলস পার্টির প্রধান আসিফ আলী জারদারি একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2008, 08:12 AM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ইসলামাবাদ, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের ক্ষমতাসীন দল খুব শিগগিরি প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে সরিয়ে নিজ দলের একজন প্রার্থীকে তার স্থলাভিষিক্ত করবে। পাকিস্তান পিপলস পার্টির প্রধান আসিফ আলী জারদারি একথা বলেছেন। জারদারির এই কথায় ১৯৯৯ সালে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের ক্ষমতায় আসা মার্কিন মিত্র মুশাররফ কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যেই পদত্যাগ করতে পারেন বলে জল্পনা-কল্পনা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার লাহোরে পিপিপি কর্মীদের সঙ্গে এক বৈঠকে জারদারি বলেন, " পাকিস্তানের প্রেসিডেন্ট পদে পিপিপি'র লোককে বসানোর দিন বেশি দূরে নয়।" তিনি আরও বলেন, "ভাই ও বোনেরা, আল্লাহ চাইলে আপনারা অচিরেই প্রেসিডেন্টের বাসায় বসে এই সমাবেশ করতে পারবেন। আপনাদের প্রেসিডেন্টের শপথ নেওয়ার দিন, 'ভুট্টো জিন্দাবাদ' স্লোগান তোলার দিন আর বেশি দূরে নয়।" ফেব্র"য়ারির নির্বাচনের পর পিপিপি নেতৃত্বাধীন কোয়ালিশন সরকার হওয়ায় পাকিস্তানে মুশাররফের ক্ষমতা অনেকটাই মিইয়ে গেছে। অনেকটা একঘরে হয়ে পড়েছেন তিনি। পদত্যাগের চাপের মুখে আছেন মুশাররফ। তার সমালোচকদের কেউ কেউ সংবিধান লঙ্ঘনের দায়ে তার বিচারও দাবি করেছে। যদিও অভিসংশিত হওয়ার মতো যথেষ্ট বিরোধীতার সম্মুখীন তিনি পার্লামেন্টে এখনও হননি। দেশে আরও বেশি বিশৃঙ্খলার আশঙ্কায় মুশাররফের সঙ্গে সংঘাতে যেতে রাজি নন জারদারিও। যদিও তিনি মুশাররফকে অসাংবিধানিক প্রেসিডেন্ট হিসাবেই দেখেন। দলের কর্মকর্তারা বলছেন, পিপিপি মুশাররফকে সম্মানজনক বিদায় জানানোর চেষ্টায় আছে। তারা আশা করছে, মুশাররফ নিজেই পদত্যাগ করবেন। নিত্যদিনের দেশ পরিচালনায় মুশাররফের ভূমিকা না থাকলেও তার হাতে আছে জাতীয় পরিষদ ভেঙে দেওয়া এবং সেনাপ্রধানদের নিয়োগ দেওয়ার গুরুত্বপূর্ণ ক্ষমতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪০৭ঘ.