কান্দাহার, আফগানিস্তান, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার নগরীর উপকণ্ঠের গ্রামগুলোয় ন্যাটো-আফগান বাহিনীর দমনাঅভিযানে তালেবানরা হটে গেছে। সংঘর্ষে হতাহত হয়েছে শ'শ' তালেবান জঙ্গি। কান্দাহার প্রদেশের গভর্নর বৃহস্পতিবার একথা বলেছেন।
গভর্নর আসাদুল্লাহ খালিদ এক সংবাদ সম্মেলনে বলেন, "কান্দাহারের উত্তর-পশ্চিমের ওই জেলা সদ্য তালেবানমুক্ত হয়েছে। আঘান্দব জেলা থেকে তালেবানদের পুরোপুরি তাড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানে শ'শ' তালেবান হতাহত হয়েছে এদের মধ্যে বেশির ভাগই পাকিস্তানি।"
তিনি আরও বলেন, সেনারা এখন লুকিয়ে থাকা তালেবান জঙ্গিদের হদিস পেতে গ্রামের বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে।
এ ব্যাপারে তালেবানদের তাৎক্ষণিক কোনোও মন্তব্য পাওয়া যায়নি।
ন্যাটোর আফগান বাহিনীর মুখপাত্র অত্যন্ত সতর্ক এক বক্তব্যে জানিয়েছেন, আঘান্দব জেলায় অনুপ্রবেশকারী শ' শ' তালেবানকে হটিয়ে দেওয়ার বিষয়টি সম্পর্কে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।
এর আগে কাবুলের প্রতিরক্ষামন্ত্রণালয় জানায়, ন্যাটোর বিমান হামলায় অন্ততপক্ষে ২০ তালেবান জঙ্গি নিহত হয়েছে। নিহত হয়েছে ২ আফগান সেনাও।
মন্ত্রণালয় জানায়, আঘান্দব জেলায় মারা পড়ে ২০ জঙ্গি। সেখান থেকে আরও দক্ষিণে নিহত হয় তালেবানদের ৩ দলীয় নেতা।
ন্যাটো ও আফগান বাহিনী এ সপ্তাহে তালেবান জঙ্গি দমনাভিযানের জন্য কান্দাহারে সেনা শক্তি বৃদ্ধি করে এবং ক্ষুদ্র ও ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত সেনারা দক্ষিণ আফগানিস্তানের একটি উপত্যাকায় হেলিকপ্টার গানশিপ থেকে প্রচণ্ড হামলা চালায়।
তিনদিন ধরে এ অভিযান চলার কথা বুধবার জানায় ন্যাটো। গত দুবছরে তালেবানদের সহিংস তৎপরতা বেড়ে যাওয়ায় দক্ষিণাঞ্চলে এই অভিযান চালায় আফগান-বাহিনী।
কান্দাহারের আঘান্দব জেলায় সোমবার প্রায় ৬শ' তালেবান জঙ্গি কয়েকটি গ্রাম দখল করে নেয়। আঘান্দব থেকে আসা এক ট্যাক্সি ড্রাইভার মঙ্গলবার কান্দাহারে এক সাংবাদিককে জানান, ওই এলাকায় শ'শ' স্বয়ংক্রিয় অস্ত্রধারী তালেবান রয়েছে।
মঙ্গলবার তালেবান মুখপাত্র ক্বারী আহমেদ ইউসুফ বলেন, তাদের নজর কান্দাহারের ওপর। কারণ এটাই তাদের আন্দোলনের উৎসস্থল।
বিদেশি ও আফগান বাহিনীর তালেবান বিরোধী দমনাভিযানের সতর্কসংকেত পেয়ে লোকজন আগেভাগেই ওই এলাকা ছেড়ে চলে যায়।
কান্দাহার টাস্ক ফোর্সের উপ কমাণ্ডার কর্নেল জামিই কাদে এর উদ্ধৃতি দিয়ে ন্যাটোর এক বিবৃতিতে বলা হয়, কান্দাহার নগরীতে জঙ্গিদের তৎপরতার আলামত স্পষ্ট। আর এটাও পরিস্কার যে, এই নগরী আফগান সরকার ও এর জনগণের কঠোর নিয়ন্ত্রণে রয়েছে।
কান্দাহারের প্রাদেশিক পরিষদের প্রধান আহমেদ ওয়ালি কারজাই জানান, "আরঘান্দব জেলা দখর করে প্রায় ৬শ' তালেবান।" এদের মধ্যে বেশিরভাগই কান্দাহারের জেল ভেঙে পালানো জঙ্গি। ন্যাটো-আফগান বাহিনীর প্রায় ৮০০ সেনা এই জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩৭ঘ.
bdnews24