২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগাম নির্বাচনের কথা ভাবছে ইসরায়েলি পার্লামেন্ট

প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টকে অপসারণে আগাম নির্বাচনের কথা ভাবছে ইসরায়েলের পার্লামেন্ট। নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিতে ২৫ জুনের মধ্যেই পার্লামেন্টে প্রাথমিক ভোটাভুটি হতে পারে। কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2008, 02:30 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

জেরুজালেম, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টকে অপসারণে আগাম নির্বাচনের কথা ভাবছে ইসরায়েলের পার্লামেন্ট। নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিতে ২৫ জুনের মধ্যেই পার্লামেন্টে প্রাথমিক ভোটাভুটি হতে পারে। কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন। দুর্নীতির অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ ছাড়বেন না বলে জানিয়ে দিয়েছেন ওলমার্ট। নির্বাচনী প্রচারাভিযানকালে এক মার্কিন ব্যবসায়ীর কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে। ওলমার্ট অভিযোগ অস্বীকার করলেও নিউ ইয়র্কের ওই ব্যবসায়ী গত মাসে আদালতকে জানিয়েছেন, ওলমার্ট প্রধানমন্ত্রী হওয়ার আগে ১৫ বছরে তার কাছ থেকে নগদ ও লোন হিসেবে দেড় লাখ মার্কিন ডলার নিয়েছেন। ওলমার্টের বিরুদ্ধে এই অভিযোগের কারণে বিরোধী দল লিকুদ পার্টি ও তার জোট সরকারের অংশ লেবার পার্টি আলাদা আলাদাভাবে পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব দিয়েছে। লেবার ও লিকুদ পার্টির কর্মকর্তারা বুধবার জানিয়েছেন, ২৫ জুনের আগে এ নিয়ে পার্লামেন্টে প্রাথমিক ভোটাভুটি হতে পারে। তবে প্রস্তাবটি আগামী জুলাইয়ের শেষ দিকে পার্লামেন্টের গ্রীষ্মকালীন অধিবেশনে পাস হতে হবে। এই সময়ের মধ্যে ওলমার্টের আইনজীবী আগামী মাসে মার্কিন ওই ব্যবসায়ীর বক্তব্য পুনরায় যাচাইয়ের পরিকল্পনা করছে। অন্যদিকে, তদন্ত দ্রুত শেষ করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২০০৭ ঘ.