হারারে, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জিম্বাবুয়ের প্রেসিডেন্ট মুগাবে বিদেশি ত্রাণসংস্থাগুলোর বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, তারা খাদ্যকে অস্ত্র হিসাবে ব্যবহার করে তাকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করছে। একারণে তাদের কার্যক্রম তদন্ত করে দেখা হবে। জিম্বাবুয়ের রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার এই প্রতিবেদন প্রকাশ করেছে।
এর আগে ৪ জুন দেশে ত্রাণসংস্থাগুলোর কার্যক্রম স্থগিত করেন মুগাবে। পশ্চিমা বিশ্ব এবং মানবাধিকার সংগঠনগুলো খোদ মুগাবের বিরুদ্ধেই ২৭ জুনের ২য় দফা প্রেসিডেন্ট নির্বাচনের আগে খাদ্যকে রাজনৈতিক হাতিয়ার করার অভিযোগ তুলেছে।
রাষ্ট্র-নিয়ন্ত্রিত হেরাল্ড নিউজপেপার বলেছে, রোববার এক সমাবেশে মুগাবে বলেছেন, "ত্রাণসংস্থাগুলোর অনুপস্থিতিতে জনগণের জন্য খাদ্য সরবরাহ করা সরকারের জন্য কঠিন হবে।" অর্থনৈতিক ধ্বসের এই সময়ে ত্রাণসংস্থাগুলোর কার্যক্রম জিম্বাবুয়ের জন্য অত্যন্ত প্রয়োজন।
কিন্তু মুগাবের অভিযোগ, ২৯ মার্চের প্রথম দফা নির্বাচনে ত্রাণসংস্থাগুলো তার জানু-পিএফ পার্টির বিরুদ্ধে কাজ করেছে। একারণে ওই নির্বাচনে মুগাবের দল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। আর বিরোধীদল এমডিসি'র নেতা মরগান স্যাঙ্গেরাই নির্বাচনে জিতেছে। নির্বাচনের সরকারি ফল অনুযায়ী, এমডিসি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ২য় দফা নির্বাচনের প্রয়োজন পড়ছে।
মুগাবে বলেন, "খাবার দরকার। আর সরকার এদিকেই চেয়ে আছে। সরকারের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে এনজিওগুলোকে বিপথগামী করা হচ্ছে। বলা হচ্ছে, আমরা তোমাদেরকে বাঁচিয়ে রেখেছি। আর তাই জানু-পিএফ কে নয়, এমডিসিকে ভোট দাও।"
তিনি বলেন, "একারণে আমরা তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছি এবং তাদের কাজ তদন্তও করব।" তবে ত্রাণসংস্থাগুলো জিম্বাবুয়ের রাজনীতিতে কোনোরকম হস্তক্ষেপের কথা অস্বীকার করেছে। সংস্থাগুলোর কার্যক্রম স্থগিত করার সরকারি সিদ্ধান্তে লাখ লাখ মানুষ চরম খাদ্যসঙ্কটে পড়েছে বলে অভিযোগ করেছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৫৩ঘ.
bdnews24