২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে 'অনৈসলামিক' পোশাকধারীদের বিরুদ্ধে পুলিশী অভিযান

ইরানের পুলিশ বিভাগ "সামাজিক নীতিহীনতার" বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে। এ অভিযানের অন্যতম লক্ষ্যবস্তু হচ্ছে 'অ-ইসলামী' পোশাকধারী এবং সে ধরনের পোশাক বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। দেশটির 'ফারহাং-ই-আস্থি' পত্রিকাটি সোমবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2008, 11:40 AM

Updated : 26 Aug 2022, 01:59 PM

তেহরান, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরানের পুলিশ বিভাগ "সামাজিক নীতিহীনতার" বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে। এ অভিযানের অন্যতম লক্ষ্যবস্তু হচ্ছে 'অ-ইসলামী' পোশাকধারী এবং সে ধরনের পোশাক বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। দেশটির 'ফারহাং-ই-আস্থি' পত্রিকাটি সোমবার একথা জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, "শনিবার থেকে এ বড় ধরনের অভিযান শুরু হয়েছে। যারা অশোভন পোশাক পরে জনসমক্ষে চলাফেরা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। একইসঙ্গে যেসব দোকানে 'অনৈসলামিক' পোশাক বিক্রি হয় সেসব বন্ধ করে দেবে তারা।" পত্রিকাটি আরও জানায়, "আঁটসাট পোশাক পরিহিত নারীদের আটক করবে পুলিশ। একইসঙ্গে পশ্চিমা ধাঁচে চুল কাটা পুরুষদেরও আটক করা হবে।" পত্রিকার ওই প্রতিবেদনে জানানো হয়, রোববার রাজধানীর উচ্চবিত্তদের আবাস ও সমাগম স্থল হিসেবে পরিচিত তেহরানের স্কয়ার এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে আঁটসাট পোশাক পরা অনেক নারী এবং পশ্চিমা ধাঁচে চুল কাটা অনেক পুরুষ পুলিশের খপ্পরে পড়েন। একইসময়ে সেখানকার বেশকিছূ দোকান ও সেলুনের বিরুদ্ধেও ব্যবস্থা নেয় পুলিশ। ১৯৭৯ সালের 'ইসলামী বিপ্লবের' পর ইরানে নারী-পুরুষদের পোশাক এবং চলাফেরার বিষয়ে নতুন আইন করা হয়। তখন থেকে চলতে থাকা ওই আইনে নারীদের অবশ্যই বোরখা কিংবা স্কার্ফ দিয়ে চুল ঢেকে পোশাক পরতে হয় এবং পায়ের গোড়ালি পর্যন্ত ঢাকা লম্বা ঢিলেঢালা পোশাক পরতে হয়। ইরান পুলিশের এ বিশেষ 'আদর্শিক' শাখা প্রতিবছরই বিশেষত গরম মৌসুমে এ ধরনের অভিযান চালায়। কেননা, এসময়ে নারীরা একটু হালকা পাতলা কাপড়ের এবং তুলনামূলকভাবে খোলামেলা পোশাক পরতে চান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭২০ ঘ.